ভারতের পাঞ্জাব রাজ্যের তারন তারান জেলায় তীর্থযাত্রীবাহী দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন তীর্থযাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জনের বেশি।
শনিবার সন্ধ্যায় জাতীয় মহাসড়ক-৫৪-এর নৌশেরা পান্নুয়ান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। বাস দুটি পাঞ্জাব সরকারের ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা প্রকল্পের’ অধীনে যাত্রী বহন করছিল। দুই বাসে মোট ৩৭ জন যাত্রী ছিলেন।
তারন তারানের ডেপুটি কমিশনার নির্মল ওসেফচান জানান, দুর্ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত ছয়জনকে অমৃতসরের হাসপাতালে পাঠানো হলে তাঁদের একজন পরে মারা যান। গুরুতর আহত পাঁচজন গুরু নানক দেব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অন্য আহতদের তারন তারান সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজক পার হয়ে বিপরীত দিক থেকে আসা অন্য বাসটির সঙ্গে ধাক্কা খান। একটি বাস ফরিদকোট থেকে অমৃতসরের দিকে যাচ্ছিল, অন্যটি অমৃতসর থেকে মুক্তসরের পথে ছিল।
সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। কয়েকজন যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে পুলিশ, জেলা প্রশাসন, সড়ক নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানান। প্রকল্পটির আওতায় ৫০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা বিনা খরচে তীর্থযাত্রার সুযোগ পান। সরকার তাঁদের শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার বাস, থাকা ও খাবারের ব্যবস্থা করে।
সূত্র: এনডিটিভি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।