জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে খরচ নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নির্ধারিত খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা কোনো ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

প্রশ্নোত্তর পর্বে আতিকুর রহমান মুজাহিদ বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো সম্ভব হবে, তা জানতে চান তিনি। এ ছাড়া নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠনের বিষয়েও মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, আগামীকালই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সর্বমোট খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সরকারের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে কেউ অতিরিক্ত অর্থ আদায় বা অন্য কোনো অনিয়মের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও প্রতারণার অভিযোগে সম্প্রতি ৫৬টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করেছে সরকার।

রেহানা আক্তার রানু জানতে চান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনিয়মকারী ও অসৎ রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না।

জবাবে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার পর চাকরি না পাওয়া, ইকামা না পাওয়া, চুক্তি অনুযায়ী বেতন না পাওয়া এবং বিদেশে চাকরির নামে প্রতারণাসহ বিভিন্ন বিষয়ে কর্মী বা তাঁদের অভিভাবকদের করা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩ অনুযায়ী সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন অনিয়মের কারণে সম্প্রতি ৫৬টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...