রাজশাহী

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ৫ জনের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি, সরকারি সেবা থেকে বিভ্রান্ত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া এবং অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

রোববার সকালে এনএসআইয়ের পাবনা কার্যালয়ের সুনির্দিষ্ট তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

আটক পাঁচজন হলেন পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট এলাকার মৃত রহিম মন্ডলের ছেলে হাবিল মন্ডল (৬৫), কিসমতপ্রতাপপুর এলাকার মৃত নফসার প্রামাণিকের ছেলে বিপুল (৪২), একই এলাকার আব্দুল বারিকের ছেলে সুজন আলী (৪২), হেমায়েতপুর এলাকার শহিদুল মালিথার ছেলে জুয়েল রানা (৩২) এবং একই এলাকার ইউনুছ মোল্লার ছেলে ওয়ারেস (৪০)। এ ছাড়া চক্রের আরেক সদস্য হেমায়েতপুর এলাকার আবুল হাশেমের ছেলে হাফিজুর রহমান মাহফুজের (৪০) বিরুদ্ধে পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

এনএসআই পাবনা কার্যালয়ের উপপরিচালক এবিএম লুৎফুল কবির জানান, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও দূর-দূরান্তের রোগীদের বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলছিল। তারা সরকারি হাসপাতালের সেবা সম্পর্কে রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। পাশাপাশি রোগীদের জিম্মি করে অনৈতিকভাবে অর্থ আদায় করত।

এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের একটি বিশেষ দল পুলিশকে সঙ্গে নিয়ে হাসপাতালে আকস্মিক অভিযান চালায়। এ সময় অভিযুক্তদের আটক করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম অপরাধ আমলে নিয়ে পাঁচজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর অভিযুক্ত হাফিজুর রহমান মাহফুজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের মাত্রা বেশি থাকায় পাবনা সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দেশের একমাত্র বিশেষায়িত এ মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে এনএসআই ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...