দিনাজপুর

নতুন ধানের ঘ্রাণে দিনাজপুরজুড়ে নবান্নের আমেজ

দিনাজপুর প্রতিবেদকঃ হেমন্তের সোনালি রোদে পেকে উঠেছে আমন ধান। মাঠে মাঠে দুলছে সোনালি শীষ। বাতাসে ভাসছে নতুন ফসলের মিষ্টি ঘ্রাণ। কোথাও ধান কাটার প্রস্তুতি, কোথাও শুরু হয়েছে পাকা ধান ঘরে তোলার কাজ। আবার কোথাও উঠানে চলছে ধান মাড়াই ও শুকানোর আয়োজন। নতুন ধান ঘিরে কৃষকের ঘরে ঘরে শুরু হয়েছে আনন্দের প্রস্তুতি। পিঠা-পায়েস তৈরির পরিকল্পনা আর ফসল ঘরে তোলার ব্যস্ততায় দিনাজপুরের গ্রামাঞ্চলে বিরাজ করছে নবান্নের আমেজ।

আজ সোমবার ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা অগ্রহায়ণ। বাঙালির চিরায়ত নবান্ন উৎসবের মাস শুরু হয়েছে। নতুন ধানের চাল দিয়ে ভাত, পিঠা ও পায়েস তৈরির মধ্য দিয়ে গ্রামবাংলায় এ উৎসব উদ্‌যাপনের ঐতিহ্য দীর্ঘদিনের। কৃষকের কাছে নবান্ন শুধু নতুন ফসল ঘরে তোলার আনন্দ নয়, সারা বছরের পরিশ্রমের ফল পাওয়ারও এক বিশেষ উপলক্ষ।

দিনাজপুরের বিভিন্ন এলাকার কৃষক পরিবারে নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। বাড়ির উঠান পরিষ্কার করা, গোলা প্রস্তুত করা এবং নতুন ফসল সংরক্ষণের ব্যবস্থা করছেন অনেকে। আমন ধান কাটা শুরু হলে মাঠ থেকে ধান বাড়িতে আনা, মাড়াই, শুকানো ও গোলায় তোলার ব্যস্ততা আরও বাড়বে। নতুন চালের ভাতের পাশাপাশি পিঠা-পায়েস তৈরির আয়োজনও থাকবে পরিবারে পরিবারে।

বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমোরপাড়া গ্রামের কৃষক হরিদাস বলেন, নতুন ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হয় না। নবান্ন তাঁদের পরিশ্রমের সার্থকতা। নতুন ধানের চাল দিয়ে পরিবারের সবাই মিলে পায়েস খাবেন, পিঠা তৈরি করবেন। ধানের ফলন ভালো হলে কৃষকের মুখে হাসি ফোটে। গোলাভরা ধান দেখলে সারা বছরের কষ্ট অনেকটাই ভুলে যান তাঁরা।

বীরগঞ্জের মোহনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রতন দাস বলেন, নবান্ন মানেই বাংলার ষড়ঋতুর পঞ্চম ঋতু হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ—এই দুই মাস নিয়ে হেমন্তের বিস্তার। কার্তিক শেষ হয়ে এসেছে অগ্রহায়ণ। এ মাসে ধীরে ধীরে শীত জেঁকে বসবে। শুরু হবে পাকা আমন ধান কাটার মৌসুম। মাঠের পর মাঠ সোনালি ধানে ভরে উঠবে। কৃষকের চোখেমুখে ফুটে উঠবে ফসল ঘরে তোলার আনন্দ ও তৃপ্তি।

তিনি বলেন, এ সময় কেউ কাস্তে দিয়ে ধান কাটেন, কেউ আঁটি বাঁধেন, আবার কেউ মাথায় বা কাঁধে করে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরেন। এরপর উঠানে চলে ধান মাড়াই, শুকানো ও গোলায় তোলার আয়োজন। একসময় ঢেঁকিতে ধান ভানার শব্দে মুখর থাকত গ্রামের বাড়িগুলো। আধুনিক চালকলের বিস্তারে সেই দৃশ্য অনেকটাই বদলে গেছে। তবে নতুন ধান ঘিরে আনন্দ-উৎসবের ঐতিহ্য এখনো অমলিন।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহ্বায়ক কবিরুল ইসলাম বলেন, ‘নবান্ন’ শব্দের অর্থ নতুন অন্ন। ‘নব’ ও ‘অন্ন’—এই দুই শব্দের সমন্বয়ে নবান্ন শব্দের উৎপত্তি। আমন ধান কাটার পর নতুন চালের ভাত রান্না করে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে খাওয়ার মধ্য দিয়ে আবহমানকাল ধরে এ উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, কৃষিনির্ভর বাঙালির জীবনে নবান্ন শুধু ফসল ঘরে তোলার আনন্দ নয়; এটি কৃষকের শ্রম ও সাফল্যের উদ্‌যাপন, সমৃদ্ধির প্রত্যাশা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য উপলক্ষ।

একসময় গ্রামবাংলার কৃষক পরিবারে নবান্ন ছিল বছরের অন্যতম বড় উৎসব। নতুন চালের ভাতের সঙ্গে মাছ, মাংস, নানা পদের ভর্তা ও সবজির আয়োজন করা হতো। তৈরি করা হতো চিতই, ভাপা, পাটিসাপটা, পুলি, পায়েস, চিড়া, মুড়ি ও মোয়া। খেজুরের গুড়, নারকেল ও দুধের মিশেলে পিঠাপুলির স্বাদ হয়ে উঠত আরও মধুর। মেয়ে-জামাইকে নিমন্ত্রণ, বিবাহিত মেয়েকে বাপের বাড়িতে নাইয়র আনা কিংবা দূরের আত্মীয়স্বজনকে বাড়িতে আমন্ত্রণ—সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত গ্রামজুড়ে।

নবান্ন ঘিরে একসময় গ্রামবাংলার বিভিন্ন স্থানে বসত মেলা। আয়োজন করা হতো যাত্রাপালা, কবিগান, বাউলগান ও লোকসংগীতের আসর। কোথাও অনুষ্ঠিত হতো লাঠিখেলা, পুতুলনাচ, নৌকাবাইচসহ নানা ধরনের গ্রামীণ খেলাধুলা। সময়ের পরিবর্তনে এসব আয়োজন অনেকটা কমে এলেও নতুন ধান ঘিরে বাঙালির ঐতিহ্য ও উৎসবের আনন্দ এখনো টিকে আছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...