চীনা ভাষার আন্তর্জাতিকভাবে স্বীকৃত দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে (HSK) পরিচালনার অনুমোদন পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউট। এর ফলে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়টিতে এ পরীক্ষা আয়োজন করা যাবে। এতে চীনে উচ্চশিক্ষা ও বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা যাচাইয়ের সুযোগ তৈরি হবে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান। তিনি জানান, এইচএসকে চীনা ভাষায় দক্ষতা মূল্যায়নের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ, চীনা সরকারি বৃত্তির আবেদন এবং চীনা ভাষার দক্ষতা প্রয়োজন এমন পেশাগত ক্ষেত্রে এ পরীক্ষার সনদ গুরুত্বপূর্ণ।
চীনের রাজধানী বেইজিংয়ে ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বিশ্ব চীনা ভাষা সম্মেলন ২০২৬’-এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শীর্ষস্থানীয় প্রতিনিধি, শিক্ষাবিদ, গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং চীনা ভাষা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ছিলেন। সম্মেলনে দেড় হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব ছিল।
চীনের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘চীনা ভাষা: একটি ভাষার চেয়েও বেশি কিছু’। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সম্মেলনে চীনা ভাষা শিক্ষার প্রসার, আধুনিক প্রযুক্তিনির্ভর ভাষা শিক্ষা, আন্তর্জাতিক শিক্ষাসহযোগিতা এবং বিভিন্ন দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাবি প্রতিনিধিদল সম্মেলনের বিভিন্ন অধিবেশন, আলোচনা ও অন্যান্য কার্যক্রমে অংশ নেয়। এসব আয়োজনে আন্তর্জাতিক চীনা ভাষা শিক্ষা, এইচএসকে পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
সম্মেলনে রাবির কনফুসিয়াস ইনস্টিটিউটকে এইচএসকে পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার আন্তর্জাতিক মানের দক্ষতা যাচাই পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। এতে রাবির শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলের চীনা ভাষা শিক্ষার্থীরাও উপকৃত হবেন। বিশেষ করে চীনে উচ্চশিক্ষা ও বৃত্তি পেতে আগ্রহীদের ভাষাগত যোগ্যতা অর্জন ও মূল্যায়নে এ উদ্যোগ সহায়ক হবে।
এ অর্জন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। একই সঙ্গে এটি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ভাষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চীনের হংহে বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এ ইনস্টিটিউটের মাধ্যমে চীনা ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণাসহযোগিতা সম্প্রসারণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।