রংপুর বিভাগ

লালমনিরহাটে এক দিনের প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা

আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুল। এ উদ্যোগের অংশ হিসেবে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরকে এক দিনের জন্য প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন। আগামী ১৭ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস উপলক্ষে সে এক দিন বিদ্যালয়ের প্রতীকী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবে।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম এ উদ্যোগের লিখিত অনুমোদন দেন। একই সঙ্গে তিনি নিজেই শিক্ষার্থী উম্মে তালহা তাবাচ্ছুম কবিরের হাতে নিয়োগপত্র তুলে দেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে উম্মে তালহা প্রতীকী প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশ, দাপ্তরিক কার্যক্রম ও শিক্ষা পরিচালনার বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

লালমনিরহাট সদর উপজেলার সার্কিট হাউসসংলগ্ন মিশনমোড়ে অবস্থিত শিবরাম আদর্শ পাবলিক স্কুল ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মানসম্মত শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করছে প্রতিষ্ঠানটি।

এক দিনের জন্য প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার অনুভূতি জানিয়ে উম্মে তালহা তাবাচ্ছুম কবির বলে, ‘প্রধান শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার জীবনের অন্যতম বড় পাওয়া ও অভিজ্ঞতা। নির্ধারিত দিনে বিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা বজায় রাখা, শিক্ষকদের সহযোগিতা করা এবং সহপাঠীদের ভালো কাজে উৎসাহিত করার চেষ্টা করব। এ উদ্যোগ আমাকে ভবিষ্যতে আরও আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হতে অনুপ্রাণিত করবে।’

বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে বাস্তব জীবনের নেতৃত্ব ও দায়িত্বশীলতার অভিজ্ঞতা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিশুদের মধ্যে সৃজনশীলতা, শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও ইতিবাচক নেতৃত্বের মানসিকতা গড়ে তোলা জরুরি। প্রতীকী প্রধান শিক্ষক নিয়োগের এ উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে এবং নিজেদের যোগ্যতা বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...