কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদে গোবর ছিটানো এবং উপজেলা প্রশাসনের প্রধান ফটকে কোরআন শরিফের আয়াত বিকৃত করে ফটোকপি ঝুলিয়ে রাখার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেকেন্দার আলী। কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।
অন্যদিকে, ফুলবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে সর্বস্তরের তৌহিদী মুসল্লিদের ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ইমাম ও ওলামা কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ হাফেজ মো. ইব্রাহীম খলিল, সদস্যসচিব মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সেলীম মাস্টার, মাওলানা ওবায়দুল্লাহ ও মাওলানা জোবায়ের আহমেদসহ অন্যরা।
বক্তারা বলেন, ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন অবমাননার ঘটনায় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। উপজেলা প্রশাসনের প্রধান ফটকে কোরআন শরিফের আয়াত বিকৃত করে ফটোকপি ঝুলিয়ে রাখার ঘটনায় জড়িত ব্যক্তিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। ধর্ম অবমাননার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ নভেম্বর) ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী বটতলা মুছল্লীপাড়া জামে মসজিদের ভেতরে ও বাইরে গোবর ছিটিয়ে রাখার ঘটনা ঘটে। এতে মসজিদটি অপবিত্র হয়েছে দাবি করে ওই দিন ফজরের নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা।
এরপর রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের প্রধান ফটকে কোরআন শরিফের আয়াত বিকৃত করে ফটোকপি ঝুলানো অবস্থায় দেখা যায়। এর সঙ্গে সিনেমার পোস্টারও সাঁটানো ছিল। ঝুলানো কাগজে কোরআনের আয়াতের অংশে আগুনে পোড়ানোর চিহ্ন দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।