শীতের আগমনের সঙ্গে গ্রামবাংলায় শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহ ও বিক্রি। নীলফামারীর সৈয়দপুর শহরেও মাটির হাঁড়িতে সংগ্রহ করা খেজুরের রস ফেরি করে বিক্রি করছেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। প্রতি গ্লাস রস বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে খোলা হাঁড়িতে সংগ্রহ করা কাঁচা রস পান করে কয়েকজনের পেটের সমস্যা দেখা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে রসের নিরাপদ সংগ্রহ ও বিক্রি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জানা গেছে, সৈয়দপুর শহরের আশপাশের বিভিন্ন এলাকার খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। গাছের নির্দিষ্ট অংশ কেটে সেখানে মাটির কলসি বেঁধে রাখা হয়। সারা রাত গাছ থেকে ফোঁটা ফোঁটা রস পড়ে কলসিতে জমা হয়। সকালে কলসি নামিয়ে সেই রস শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করেন তাঁরা। বিশেষ করে সকালবেলায় রসের ক্রেতা বেশি দেখা যায়।
তবে প্রচলিত এ পদ্ধতিতে রস সংগ্রহের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে। সারা রাত গাছে বাঁধা কলসির মুখ খোলা থাকায় পাখি ও বাদুড় তাতে বসতে পারে। এসব প্রাণীর লালা, মলমূত্র কিংবা অন্যান্য জীবাণু রসে মিশে তা দূষিত করতে পারে। বিশেষ করে বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকায় কাঁচা খেজুরের রস পান না করার বিষয়ে স্বাস্থ্যসংশ্লিষ্টদের সতর্কতা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড়ে মাটির হাঁড়িতে বিক্রি হওয়া খেজুরের রস পান করে এক সাংবাদিক ও একটি রাজনৈতিক দলের নেতা অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের দুজনেরই ঘন ঘন পাতলা পায়খানা ও পেটব্যথা শুরু হয়। সারা রাত শারীরিক অস্বস্তিতে ভোগার পর স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করে তাঁরা সুস্থ হন।
জনস্বাস্থ্য সচেতন মহলের মতে, খেজুরের রস সুস্বাদু ও পুষ্টিকর হলেও অপরিচ্ছন্ন পরিবেশে সংগ্রহ করা কাঁচা রস পান করা বিপজ্জনক হতে পারে। বিশেষ করে খোলা হাঁড়িতে সংগ্রহ করা রস পান করা থেকে বিরত থাকা উচিত। রস সংগ্রহ ও বিক্রির ক্ষেত্রে নিরাপদ পদ্ধতি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।
শীতের মৌসুমি এ পানীয়ের প্রতি মানুষের আগ্রহ থাকলেও অসতর্কতায় তা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় খোলা হাঁড়িতে সংগৃহীত কাঁচা খেজুরের রস পান না করার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।