দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্বাভাবিক প্রসবে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখী রায় (২১) নামের এক গৃহবধূ। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন ছেলে ও তিনজন মেয়ে। বর্তমানে মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানগুলোর জন্ম হয়।
সুখী রায় দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। এই দম্পতির প্রথম সন্তান চারটি। একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ায় খুশি তাঁরা। সন্তানদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন খোকন ও সুখী রায়।
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বুধবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মা ও চার নবজাতকই সুস্থ রয়েছে। একসঙ্গে চার সন্তানের স্বাভাবিক প্রসব একটি বড় সফলতা।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২ নম্বর ইউনিটে অধ্যাপক ডা. এস কে সাদেক আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে নবজাতকেরা। তিনি বলেন, শিশুদের ওজন স্বাভাবিক এবং তারা সুস্থ রয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।