গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলে আল-শাতি শরণার্থীশিবিরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের উত্তর গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আবু আল-উফ নিহত হয়েছেন। একই হামলায় তাঁর স্ত্রী ও দুই মেয়েও প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ২৬ নভেম্বর এএফপির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, বুধবার রাতে শরণার্থীশিবিরের একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। এতে একজন পুরুষ, তাঁর স্ত্রী এবং দুই মেয়ে নিহত হন। আহত হন আরও ১২ জন। নিহত দুই মেয়ের বয়স ছিল ১৩ ও ১৫ বছর।
হামলায় লক্ষ্যবস্তু হওয়া অ্যাপার্টমেন্টটি ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজার আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহত চারজনের মরদেহ সেখানে নেওয়া হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী এএফপিকে জানিয়েছে, তারা মোহাম্মদ আবু আল-উফকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এ হামলার এক দিন আগে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের আরেক কর্মকর্তা নাঈম আবু নাহাল নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী তাঁকে আবু আল-উফের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে।
বুধবার গাজার অন্যান্য হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। গাজা শহরে একটি গাড়িতে হামলায় দুই ভাই এবং উত্তর গাজার বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে হামলায় একজন নিহত হন।
২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এক হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সূত্র: এএফপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।