যুক্তরাষ্ট্র ইউক্রেনের এফ-১৬ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণের জন্য ৬২২ মিলিয়ন ডলারের সরঞ্জাম ও সংশ্লিষ্ট সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সিদ্ধান্তের কথা জানায়। তবে এ সরঞ্জাম কেনার অর্থ যুক্তরাষ্ট্র দেবে না। বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নরওয়ে যৌথভাবে এ ব্যয়ের অর্থায়ন করবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত এই বিক্রির আওতায় যুদ্ধবিমানের বিভিন্ন যন্ত্রাংশ, পরীক্ষাগার-সংক্রান্ত সরঞ্জাম এবং পরিবহন সহায়তা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কার্ট্রিজ অ্যাকচুয়েটেড ডিভাইস ও প্রপেল্যান্ট অ্যাকচুয়েটেড ডিভাইস। এসব সরঞ্জাম ইউক্রেনের আগে অনুমোদিত একটি ছোট সামরিক সরঞ্জাম ক্রয় চুক্তির সঙ্গে যুক্ত করা হবে।
পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী, এই সহায়তা ইউক্রেনের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তাঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়াবে। বিশেষ করে দেশটির আত্মরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এফ-১৬ যুদ্ধবিমানের কার্যক্ষমতা বজায় রাখতে সহায়তা করবে নতুন সরঞ্জাম।
বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, এই লেনদেনে যুক্তরাষ্ট্রের কোনো অর্থ ব্যয় হবে না। চার ইউরোপীয় দেশ তাদের নিজস্ব অর্থায়নে সরঞ্জাম কেনার ব্যয় বহন করবে।
ইউক্রেনের বিমানবহরের জন্য এ সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে পশ্চিমা দেশগুলোর কাছে আধুনিক যুদ্ধবিমান চেয়ে আসছে কিয়েভ। দীর্ঘ আলোচনার পর ২০২৪ সালে ইউক্রেন প্রথমবারের মতো এফ-১৬ যুদ্ধবিমানের চালান পায়।
তবে যুদ্ধবিমান হাতে পাওয়ার পর সেগুলো সচল রাখা ইউক্রেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে নিয়মিত ব্যবহারের কারণে বিমানগুলোর রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ সংগ্রহ এবং মেরামতের প্রয়োজন হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নাল অক্টোবরের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছিল, রক্ষণাবেক্ষণে বিলম্ব এবং প্রয়োজনীয় যন্ত্রাংশের সংকটের কারণে ইউক্রেনের এফ-১৬ বহরের অর্ধেকের বেশি যুদ্ধবিমান ব্যবহার করা যাচ্ছিল না। বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের তৈরি সব যুদ্ধবিমানই এ সমস্যার মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বিমানগুলোর কার্যক্ষমতা নিয়ে গুরুতর সংকটের কথা অস্বীকার করেছেন। একই সঙ্গে তাঁরা স্বীকার করেছেন, এফ-১৬ যুদ্ধবিমানের কিছু যন্ত্রাংশের উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং সেগুলো সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে নতুন অনুমোদিত সহায়তা ইউক্রেনের বিমানবহর সচল রাখতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব সরঞ্জাম নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজে প্রয়োজন হয়, সেগুলোর সরবরাহ বাড়লে যুদ্ধবিমান ব্যবহারের সক্ষমতা বজায় রাখা সহজ হবে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার পাশাপাশি আকাশসীমা সুরক্ষায় এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করছে দেশটি। ফলে যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা কিয়েভের সামরিক প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
এদিকে যুক্তরাষ্ট্রের অনুমোদিত চুক্তিটি বাস্তবায়নে প্রধান ঠিকাদার প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র: এপি
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।