জয়পুরহাটের ক্ষেতলালে আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়। আশরাফ আলী উপজেলার বড়তারা গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং মারামারির অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল হয়েছে।
এ ছাড়া গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকসংক্রান্ত একটি মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, আশরাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।