ইরানে হামলা, অবৈধ সামরিক আদেশ কার্যকর এবং মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি। সোমবার (৯ নভেম্বর) প্রতিনিধি পরিষদে তিনি হেগসেথের বিরুদ্ধে আটটি অভিশংসন ধারা পুনরায় পেশ করেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরুর পরপরই ম্যাসি এসব অভিযোগ তুলে প্রস্তাব উত্থাপন করেন। কেনটাকির এই বিদায়ী আইনপ্রণেতা হেগসেথের বিরুদ্ধে অবৈধ আদেশ বাস্তবায়ন এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ এনেছেন।
প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ নেওয়ার আগেই হেগসেথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন ম্যাসি। তিনি বলেছেন, হেগসেথকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে চান—এমন যেকোনো আইনপ্রণেতার ভোটকে তিনি স্বাগত জানাবেন।
এক সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, ‘আমি বুঝি, তাদের মধ্যে অনেকেই শুধু হেগসেথকে চলে যেতে দেখতে চায় বলেই এতে ভোট দিতে চায়। আমি তাদের ভোটকে স্বাগত জানাই।’
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনড় অবস্থান জানিয়েছেন হেগসেথ। সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে অনেক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মানুষ আছেন, যাদের নীতিগত বিষয়ে গভীর মতবিরোধ থাকতে পারে। তবে তাদের মতবিরোধ রয়েছে সাফল্যের সঙ্গে।’
তিনি আরও বলেন, সামরিক পদক্ষেপগুলো আদালতে তুলতে চাইলে তিনি সারা দিন ধরে সানন্দে এ বিষয়ে বক্তব্য দিতে প্রস্তুত।
ম্যাসির অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই যুদ্ধ পরিচালনা করে হেগসেথ ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ লঙ্ঘন করেছেন। গত ফেব্রুয়ারিতে ইরানের মিনাবের একটি স্কুলে বোমা হামলার ঘটনাও তিনি অভিযোগের পক্ষে তুলে ধরেন। ওই হামলায় ১২০ শিশুসহ দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল বলে উল্লেখ করেন ম্যাসি। তাঁর দাবি, এ ঘটনা নিয়মবহির্ভূত যুদ্ধ পরিচালনার প্রবণতারই প্রতিফলন।
এ ছাড়া ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদকবাহী নৌযানে বিচারবহির্ভূত হামলা, ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ, পেন্টাগনে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করে বাক্স্বাধীনতা দমন এবং ইয়েমেনে অবৈধ যুদ্ধ পরিচালনার অভিযোগও হেগসেথের বিরুদ্ধে আনা হয়েছে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হেগসেথের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, হেগসেথ ভালো কাজ করেছেন এবং যুদ্ধটি অপ্রিয় হলেও প্রয়োজনীয় ছিল।
হেগসেথকে অভিশংসনের জন্য প্রতিনিধি পরিষদের ৪৩৫ সদস্যের সংখ্যাগরিষ্ঠের সমর্থন প্রয়োজন। এরপর সিনেটে দোষী সাব্যস্ত করে পদ থেকে সরাতে হলে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগবে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে হেগসেথের ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে।
সূত্র: আল জাজিরা
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।