দিনাজপুর প্রতিবেদকঃ “একাউন্টিং ফর গুড গর্ভনেন্স” প্রতিপাদ্যকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একাউন্টিং বিভাগের আয়োজনে ১০ নভেম্বর ২০২৬ খ্রি. ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে উদযাপন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০ ঘটিকায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র নেতৃত্বে একটি র্যালি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
উক্ত র্যালিতে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, একাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর রাফিয়া আখতার, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. শেখ মো. মোবারক হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক ডীন ও আইটি সেল-এর কো-অর্ডিনেটর প্রফেসর মো. মামুনার রশিদ এবং একাউন্টিং বিভাগের শিক্ষকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সম্মুখে একাউন্টিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ মোস্তাক আহম্মদ এর সভাপতিত্বে উন্মুক্ত আলোচনা সভায় হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা র্যালিতে অংশগ্রহণকারী সকল শিক্ষক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একাউন্টিং ছাড়া কোন কিছুর সুষ্ঠু বাস্তবায়ন সম্ভব নয়। আমরা প্রতিক্ষেত্রে যে সকল পরিকল্পনা গ্রহণ করি তা বাস্তবায়নে অবশ্যই একাউন্টিং এর উপর নির্ভর করতে হয়। তাই, দেশের অর্থনীতি সচল রাখতে অর্থাৎ ব্যবসা-বাণিজ্য, হাই-টেক ইন্ডাষ্ট্রি এমনকি সাধারণ ব্যবসার ক্ষেত্রেও একাউন্টিং অত্যাবশ্যক। একাউন্টিং কেবল আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণের বিষয় নয়; এটি একটি প্রতিষ্ঠান ও রাষ্ট্রের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। যেখানে সঠিক হিসাব থাকে সেখানে আস্থা তৈরি হয়; যেখানে স্বচ্ছতা থাকে সেখানে প্রাতিষ্ঠানিক উৎকর্ষের পথ সুগম হয়। একাউন্টিং সেই আস্থা ও স্বচ্ছতার অন্যতম ভিত্তি। আমি আশা করি, হাবিপ্রবির একাউন্টিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে আগামী দিনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও ১০ নভেম্বর ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে পালিত হয়েছে। ১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের সান দিয়াগোতে প্রথমবার দিবসটি পালন করা হয়। এরপর থেকে বিভিন্ন দেশের পেশাদার হিসাববিদরা দিবসটি পালন করেন। পেশাদার হিসাববিদদের কাজে উৎসাহ যোগাতে, সাধারণ মানুষের মধ্যে এ কাজের গুরুত্ব বোঝাতে এবং এ পেশায় শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এ দিবসটি বিভিন্ন দেশে উদযাপিত হয়ে থাকে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।