বিশ্ব

আর্জেন্টিনায় গৃহবন্দিত্ব থেকে পালালেন ইতালির সাবেক রেড ব্রিগেড সদস্য

ইতালির বামপন্থী সশস্ত্র সংগঠন রেড ব্রিগেডের সাবেক সদস্য লিওনার্দো বের্তুলাচ্চি আর্জেন্টিনায় গৃহবন্দিত্ব থেকে পালিয়ে গেছেন। ৭৪ বছর বয়সী এই ব্যক্তি পাঁচতলা একটি ভবনের অ্যাপার্টমেন্ট থেকে দড়ি ও বিশেষ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে নিচে নেমে পালিয়ে যান। তাঁর খোঁজে দেশজুড়ে অভিযান শুরু করেছে আর্জেন্টিনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার প্রকাশিত আলজাজিরার প্রতিবেদন ও অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পালানোর ঘটনাটি ঘটে। বুধবার পর্যন্ত তিনি পুলিশের নাগালের বাইরে ছিলেন। ইতালিতে তাঁর বিরুদ্ধে ২৭ বছরের কারাদণ্ডের সাজা রয়েছে। তাঁকে ইতালিতে প্রত্যর্পণের প্রক্রিয়াও চলছিল।

আর্জেন্টিনার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বের্তুলাচ্চি যে অ্যাপার্টমেন্টে গৃহবন্দি ছিলেন, সেটি থেকে বের হওয়ার জন্য তিনি পরিকল্পিতভাবে দড়ি ও হারনেস ব্যবহার করেন। প্রথমে তিনি ভবনের পঞ্চম তলা থেকে পাশের একটি বাড়ির দ্বিতীয় তলার ছাদে নামেন। এরপর সেখান থেকে প্রথম তলার ছাদে পৌঁছে একটি ফাঁকা জায়গা অতিক্রম করেন। পরে একটি ফটক টপকে রাস্তায় নেমে পালিয়ে যান।

তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আসেনি কর্তৃপক্ষের। কারণ, তাঁর পায়ে থাকা ইলেকট্রনিক নজরদারি যন্ত্রের অবস্থান ও কার্যক্রমে কারসাজি করা হয়েছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, নজরদারি যন্ত্রটি সরিয়ে এমন একটি ব্যবস্থার মধ্যে রাখা হয়েছিল, যাতে সেটির তাপমাত্রা বজায় থাকে। এ জন্য তাপ প্রতিরোধী কম্বলযুক্ত একটি যন্ত্র ব্যবহার করা হয়। পাশাপাশি আর্দ্রতা ধরে রাখতে গ্রিজ বা প্রাণীর চর্বিজাতীয় পদার্থ ব্যবহারের কথাও জানিয়েছেন কর্মকর্তারা।

পরে যন্ত্রটি পরীক্ষা করতে বিস্ফোরক বিশেষজ্ঞদের ডাকা হয়। যন্ত্রটির বাইরের গঠন এমনভাবে তৈরি করা হয়েছিল, যাতে সেটিকে বিস্ফোরকসদৃশ মনে হয়। ফলে ঘটনাটি কেবল সাধারণ পালানোর চেষ্টা ছিল না; নজরদারি ব্যবস্থাকে বিভ্রান্ত করার জন্যও পরিকল্পনা নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় বের্তুলাচ্চিকে গ্রেপ্তারে সহায়তা করতে তথ্যদাতাদের জন্য ২ কোটি পেসো পুরস্কার ঘোষণা করেছে। আলজাজিরার হিসাবে, এ অর্থের পরিমাণ প্রায় ১৩ হাজার মার্কিন ডলার।

বের্তুলাচ্চি ইতালির রেড ব্রিগেডের জেনোয়া শাখার সঙ্গে যুক্ত ছিলেন। রেড ব্রিগেড ছিল একটি উগ্র বামপন্থী সশস্ত্র সংগঠন। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে ইতালিতে অপহরণ, হত্যাকাণ্ড ও সশস্ত্র কর্মকাণ্ডের জন্য সংগঠনটি পরিচিতি পায়। ইতালির ওই সময়কে ইতিহাসে ‘ইয়ার্স অব লিড’ নামে উল্লেখ করা হয়।

১৯৭৮ সালে ইতালির সাবেক প্রধানমন্ত্রী আলদো মোরোকে অপহরণ ও হত্যার ঘটনায় সংগঠনটি জড়িত ছিল। আর্জেন্টিনার কর্তৃপক্ষের দাবি, বের্তুলাচ্চি ওই অপহরণের পরিকল্পনা ও পরিচালনাসংক্রান্ত লজিস্টিক কার্যক্রমে ভূমিকা রেখেছিলেন।

২০০২ সালের নভেম্বরে বুয়েনস এইরেসে প্রথমবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। পরের বছর ইতালির প্রত্যর্পণের আবেদন আর্জেন্টিনার একজন বিচারক প্রত্যাখ্যান করেন। কারণ, ইতালিতে অনুপস্থিতিতে দেওয়া রায়ের পর নতুন করে বিচারের নিশ্চয়তা নেই বলে আদালত মনে করেছিলেন। ২০০৪ সালে তিনি আর্জেন্টিনায় শরণার্থীর মর্যাদা পান।

পরিস্থিতির পরিবর্তন ঘটে প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ক্ষমতায় আসার পর। ২০২৪ সালে তাঁর সরকার বের্তুলাচ্চির শরণার্থী মর্যাদা বাতিল করে। একই বছরের আগস্টে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে আর্জেন্টিনার সুপ্রিম কোর্ট তাঁর ইতালিতে প্রত্যর্পণের অনুমোদন দেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি ওয়ান্ডা ফেরো বলেছেন, বের্তুলাচ্চিকে ইতালির হাতে তুলে দেওয়ার দায়িত্ব আর্জেন্টিনার পুলিশের। তিনি আশা প্রকাশ করেন, তাঁকে পুনরায় গ্রেপ্তার করা গেলে দ্রুত প্রত্যর্পণ করা সম্ভব হবে।

তবে পালানোর ঘটনায় আর্জেন্টিনার নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র থাকা সত্ত্বেও কীভাবে একজন গৃহবন্দি ব্যক্তি পরিকল্পিতভাবে পালিয়ে যেতে সক্ষম হলেন, তা তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এপি

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...