হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে এই টার্মিনাল দিয়ে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমনসহ মোট চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। প্রস্তুতির কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত দিনেই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুর প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে এর কার্যক্রম শুরু করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাসময়ে সম্পন্ন করতে হবে।
সভায় টার্মিনাল চালুর প্রস্তুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথ চালু করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল পরিচালনা এবং প্রয়োজনীয় চুক্তি স্বাক্ষর। এসব কাজের অগ্রগতি ও পরবর্তী করণীয় নিয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা মতামত দেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের প্রচেষ্টায় তৃতীয় টার্মিনাল চালুর পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়েছে। এখন পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো শেষ করতে হবে। ১৬ ডিসেম্বর আংশিকভাবে কার্যক্রম শুরু হলেও টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর প্রস্তুতি অব্যাহত থাকবে।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, সবার সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনাল চালুর লক্ষ্য অর্জন সম্ভব হবে।
সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।