নীলফামারীর সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা (বিমানবন্দর) সড়কের পাশে গড়ে ওঠা ফল মার্কেটকে কেন্দ্র করে পিকআপ স্ট্যান্ডের বিস্তার ঘটেছে। সড়কের ওপর ট্রাক-পিকআপসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন হাজারো মানুষ। এতে ব্যস্ত সড়কটিতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
শহরের ১ নম্বর রেলঘুমটির পাশে রেললাইনের ধার ঘেঁষে গড়ে ওঠা পিকআপ স্ট্যান্ডকে ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, কোনো নিয়মনীতি না মেনেই সড়কের ওপর ট্রাক ও পিকআপ ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ করেও প্রতিকার পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিবাদ জানালে উল্টো অপমান ও হুমকির মুখে পড়তে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে রেললাইনের পাশে ফলমূলের পাইকারি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠে। পরে এসব প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ওই এলাকায় ভারী যানবাহনের চলাচল বাড়তে থাকে। তত্ত্বাবধায়ক সরকারের সময় রেলওয়ে কর্তৃপক্ষ রেললাইনের দুই পাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে। ট্রেন চলাচলের সুবিধার্থে রেললাইনের পাশের জায়গা ফাঁকা রাখাই ছিল এর উদ্দেশ্য।
উচ্ছেদ করা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো পরে আর সেখানে গড়ে না উঠলেও ফল মার্কেটকে কেন্দ্র করে পিকআপ স্ট্যান্ড তৈরি হয়। বর্তমানে স্ট্যান্ডটি রেললাইনের পাশে থাকলেও যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় ১১০ নম্বর ভবনের পাশের একটি ফাঁকা মাঠও স্ট্যান্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি সড়কের ওপরও ট্রাক-পিকআপসহ বিভিন্ন যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
ফল ব্যবসায়ীদের আমদানি করা ফলবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপেও ওই সড়কে প্রায়ই যানজট সৃষ্টি হয়। পিকআপ স্ট্যান্ডের যানবাহন এবং পণ্যবাহী বড় গাড়ির কারণে সড়কটি দিয়ে চলাচল করা সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
শহরের হাতিখানা, বিমানবন্দর ও বানিয়াপাড়াসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা এ সড়ক ব্যবহার করেন। এসব এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয়দের আশঙ্কা, সড়কে যানবাহনের এমন অবস্থানের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এলাকার বাসিন্দা জাকির, ফুলবাবু ও রাজ্জাক সংবাদকর্মীদের জানান, পিকআপ স্ট্যান্ডের কারণে তাঁদের পাশাপাশি সন্তানদেরও স্কুল-কলেজে যাতায়াত করতে ঝুঁকি নিতে হচ্ছে। গুরুত্বপূর্ণ ভিআইপি সড়কে এ ধরনের স্ট্যান্ড থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তাঁরা। দ্রুত স্ট্যান্ডটি সরিয়ে নিতে পৌরসভাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।
এ বিষয়ে সৈয়দপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি পৌরসভা কর্তৃপক্ষের দেখার কথা। পৌরসভা পিকআপের জন্য জায়গাটি নির্ধারণ করে থাকলেও সেখানে বড় ট্রাক ও লরি প্রবেশ করায় শহরের যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগকে সমস্যায় পড়তে হচ্ছে।
অন্যদিকে সৈয়দপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, দিনের বেলায় শহরের ভেতরে সব ধরনের ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ। এ নিয়ম কার্যকর করতে শহরে প্রবেশের সড়কগুলোতে লোহার প্রতিবন্ধকও স্থাপন করা হয়েছে, যেগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব ট্রাফিক বিভাগের।
তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগ যদি প্রয়োজনীয় জনবলের সংকটে থাকে, তাহলে পৌরসভা থেকে সহযোগিতার ব্যবস্থা করা হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।