রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত তিন দিনে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক তারিকুজ্জামান ওরফে তমজিদ (৪২), মর্ণেয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন আলী ওরফে মাগুড় (৫৫) এবং গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরশিদার রহমান (৪২)।
পুলিশ জানায়, রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার এলাকা থেকে তারিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে গজঘন্টা বাজার এলাকা থেকে মুরশিদার রহমানকে গ্রেপ্তার করা হয়। আর ১২ নভেম্বর রাত ৯টার দিকে মর্ণেয়া ইউনিয়নের মৌভাষা তালেবটারী এলাকায় নিজ বাড়ির কাছ থেকে গ্রেপ্তার হন মহসীন আলী।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর আওতায় গঙ্গাচড়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। মহসীন আলীকে গ্রেপ্তারের পর ১৩ নভেম্বর সকালে আদালতে সোপর্দ করা হয়। পরে গ্রেপ্তার হওয়া অপর দুজনকেও আদালতে পাঠানো হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।