সাভারের আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলন চলাকালে হামলায় আহত পোশাকশ্রমিক মো. সেলিম মারা গেছেন। প্রায় ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ায় শ্রমিক আন্দোলন চলাকালে কয়েকজনের হামলায় মাথায় গুরুতর আঘাত পান সেলিম। তিনি আশুলিয়ার ট্রেন্ট সুজ লিমিটেড (ফরচুন জিপার) নামের একটি পোশাক কারখানার জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ৫ নভেম্বরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহত সেলিমকে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ৪ নভেম্বর রাত ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। পরে ৫ নভেম্বর ভোর ৪টার দিকে তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়।
নিহত সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। তাঁর বাবা আব্দুর রহিম জানান, তাঁরা বর্তমানে সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করেন। এক ছেলে ও এক মেয়ের মধ্যে সেলিম ছিলেন ছোট।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।