দিনাজপুর

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে হাবিপ্রবিতে প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

দেশব্যাপী পতিত ফ্যাসিবাদী শক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্ল্যার নেতৃত্বে র‍্যালিটি বের হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। এতে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, বিভিন্ন অনুষদের ডিন, হল সুপার, পরিচালকসহ বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশ নেন।

সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামুল্ল্যা বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। কিন্তু দুই বছর পরও ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। তাদের তৎপরতা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জুলাইয়ে হামলাকারী শিক্ষক-শিক্ষার্থীদের বিচার নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর অগ্রগতির বিষয়ে সবাইকে অবহিত করে তিনি বলেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান বলেন, দেশের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রধানমন্ত্রীর পাশে রয়েছেন। জুলাইয়ে যেভাবে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল, প্রয়োজনে আবারও সেভাবে ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা রুখে দেওয়া হবে।

ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির দীর্ঘদিনের লড়াই রয়েছে। গত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেও একটি গোষ্ঠী আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং জাতীয়তাবাদী শক্তি তাঁর আহ্বানে সাড়া দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

হাবিপ্রবি জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মহিদুল হাসান বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আহ্বানে সবাইকে অংশ নিতে হবে। কেউ সহিংস কর্মকাণ্ডের চেষ্টা করলে জাতীয়তাবাদী শক্তি তা প্রতিহত করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, ২০২৪ সালে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। ফ্যাসিবাদী শক্তি আবারও আগের মতো কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে তিনি দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে হাবিপ্রবি ইউট্যাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান বলেন, তাঁদের সহনশীলতাকে দুর্বলতা মনে করা উচিত নয়। এই সুযোগে কেউ সহিংসতা চালানোর চেষ্টা করলে ২০২৪ সালের মতোই কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ ছাড়া বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান, হাবিপ্রবি সাদা দলের পক্ষে অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর ও অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, অফিসার্স ফোরামের পক্ষে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. নূর-এ-আলম সরকার, জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের সভাপতি ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম ইমতিয়াজ ফারুক (পিন্টু) এবং জাতীয়তাবাদী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম লেবু।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা ও সভাপতি মো. এহসানুল কবির অর্ণব।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের নিন্দা জানান। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...