রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাপূর্ব রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ভবনের নিচতলার দুটি জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ব্যাংকটির সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাস্তা থেকে ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালায় পরপর দুটি পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করে। এতে জানালার কাছে আগুন ধরে যায়।
ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও বাইরে একজন নৈশপ্রহরী ছিলেন। আগুন লাগার বিষয়টি টের পেয়ে পিয়ন দ্রুত ভেতর থেকে এবং পরে বাইরে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। খবর পেয়ে পাঁচ থেকে সাত মিনিট পর নিচে নেমে আগুনে ক্ষয়ক্ষতি দেখেন সহকারী মহাব্যবস্থাপক। তাঁর ভাষ্য অনুযায়ী, অফিসের বড় কোনো ক্ষতি না হলেও দুটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গেছে, বনলতা আবাসিক এলাকার ওই ভবনের ওপরের তলায় অডিট অফিস, মাঝের তলায় জোনাল অফিস এবং নিচতলায় এরিয়া অফিস রয়েছে। এই জোনাল অফিস থেকে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং আটটি এরিয়া অফিসের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে এরিয়া ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তা শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেছেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে করে দাহ্য পদার্থ ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়েছিল। এ সময় ভবনের নিচতলার রাস্তার পাশে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হলেও ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথিপত্র বা সম্পদের কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ব্যাংক ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।