বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে পুকুর থেকে কোরবান আলী (৪৮) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার দারুল উলুম মাদরাসার উত্তর পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কোরবান আলী সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন কোরবান আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, কোরবান আলী মাদকাসক্ত ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।