দিনাজপুর

হাবিপ্রবিতে ফল ও কৃষিপণ্য থেকে বাণিজ্যিক খাদ্যপণ্য তৈরির কর্মশালা

উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (Higher Education Acceleration and Transformation – HEAT) প্রকল্পের আওতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্যের শিল্পভিত্তিক উৎপাদন এবং আয় বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যগত সুবিধা নিশ্চিত করতে এসব উপাদান ব্যবহার করে বাণিজ্যিক খাদ্যপণ্য তৈরির বিষয়ে কর্মশালায় আলোচনা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান। বিশেষজ্ঞ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধ্যাপক ড. এম. বুরহান উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন UATT Secretariat, HEAT Project, HSTU-এর অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব। উৎপাদিত পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে, যাতে স্বল্প আয়ের মানুষও তা কিনতে পারেন। তাহলেই শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, কর্মসংস্থান বাড়বে এবং দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি পণ্যের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের সহজলভ্য কৃষিপণ্য ব্যবহার করে খাদ্যপণ্য তৈরিতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান। বিশেষ করে পেঁপে ও আলুর মতো কৃষিপণ্য নিয়ে গবেষণা এবং সেগুলো থেকে খাদ্যপণ্য উৎপাদনে বিশেষ তাগিদ দেন তিনি। হাবিপ্রবির উৎপাদিত পণ্য নিজস্ব ব্যবস্থাপনায় বাজারজাত করার ক্ষেত্রেও সংশ্লিষ্টদের উৎসাহিত করেন উপাচার্য। তাঁর আশা, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

কর্মশালায় বক্তারা ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্যের আধুনিক ও শিল্পভিত্তিক উৎপাদনের ওপর গুরুত্ব দেন। এসব পণ্যের বাণিজ্যিক ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টি ও স্বাস্থ্যগত উপকারিতা অর্জনের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তাঁরা।

কর্মশালায় HEAT প্রকল্পের এসপিজিএম অধ্যাপক ড. মারুফ আহমেদ বলেন, বাংলাদেশে কৃষিভিত্তিক পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্য থেকে মূল্য সংযোজিত পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে গবেষণা সহযোগিতা বাড়ানো এ কর্মশালার মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় গবেষণা করবে, শিল্পপ্রতিষ্ঠান বাস্তব সমস্যার চাহিদা ও অর্থায়ন দেবে এবং গবেষণার ফলাফল শিল্পে প্রয়োগ করে বাণিজ্যিক পণ্য উৎপাদন করা হবে।

বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে শুধু কৃষিপণ্য উৎপাদন নয়, বরং সেগুলোর প্রক্রিয়াজাতকরণ, মূল্য সংযোজন, নতুন পণ্য উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও শিল্পপ্রতিষ্ঠানের বাণিজ্যিক উদ্যোগের সমন্বয় এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...