জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামে ছোট যমুনা নদীর ওপর নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে সরু ব্রিজ নির্মাণ করছেন গ্রামবাসী। দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে তাঁরা এ উদ্যোগ নিলেও অর্থসংকটে নির্মাণকাজ শেষ করতে পারছেন না। ফলে অসমাপ্ত ব্রিজ দিয়ে স্বাভাবিকভাবে চলাচলও সম্ভব হচ্ছে না। ব্রিজটির বাকি কাজ শেষ করতে সরকারি সহযোগিতা চেয়েছেন স্থানীয়রা।
উপজেলার বাগজানা ও আটাপাড়া ব্রিজের দক্ষিণে রতনপুর গ্রামের পাশ দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে ছোট যমুনা নদী। নদীর দুই পাড়ে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা ও বিস্তীর্ণ ফসলি জমি। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে কৃষকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। নদীর ওপারের জমিতে যাওয়া, ফসল বোনা ও ঘরে তোলা এবং বাজারে যাতায়াত করতে তাঁদের দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটিই অপচয় হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। এ জন্য সরকারি দপ্তর, সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছে যোগাযোগ এবং আবেদন-নিবেদন করেও কার্যকর কোনো সহযোগিতা পাননি। বরং বিভিন্ন পর্যায়ে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তাঁদের। শেষ পর্যন্ত নিজেরাই অর্থ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে ব্রিজ নির্মাণের কাজ শুরু করেন।
ইতোমধ্যে নদীর ওপর কয়েকটি কংক্রিটের পিলার নির্মাণ করা হয়েছে। সেগুলোর ওপর বাঁশ ও কাঠের কাঠামো তৈরি করে চলাচলের উপযোগী করার কাজ চলছে। তবে অর্থের অভাবে নির্মাণকাজ এখনো শেষ হয়নি।
রতনপুর গ্রামের কৃষক কেরামত আলী বলেন, নদীর ওপারে তাঁদের অনেক ফসলি জমি রয়েছে। বর্ষাকালে পানি বেড়ে গেলে জমিতে যেতে কিংবা ফসল কেটে ঘরে তুলতে অনেক দূর ঘুরে যেতে হয়। এতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও হয়। স্বাধীনতার পর থেকেই তাঁরা এ দুর্ভোগ পোহাচ্ছেন, কিন্তু কেউ তাঁদের সমস্যার দিকে নজর দেননি। তাই গ্রামের সবাই মিলে টাকা তুলে নিজেদের শ্রমে ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছেন। কিন্তু অর্থের অভাবে কাজ শেষ করতে পারছেন না। সরকার সহযোগিতা করলে তাঁদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, নদীর পাড়েই তাঁর বাড়ি। নদী পার হয়ে ওপারে বাজার ও কৃষিজমিতে যেতে হয়। বর্ষাকালে অনেক পথ ঘুরে যাতায়াত করতে হয়। ব্রিজ নির্মাণের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও কার্যকর উদ্যোগ বা সহযোগিতা পাওয়া যায়নি। এ কারণে গ্রামের মানুষ নিজেরাই টাকা তুলে অন্তত মানুষের চলাচলের জন্য একটি সরু ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছেন। তবে এখনো অনেক কাজ বাকি। ব্রিজটি সম্পন্ন করতে সরকারি সহযোগিতা প্রয়োজন।
এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অসমাপ্ত ব্রিজটির নির্মাণকাজ শেষ করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেবে। ব্রিজটি নির্মিত হলে রতনপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিকাজ ও স্থানীয় যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।