চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরিষা, মসুর ও খেসারি চাষে ৯ হাজার ৪২৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হচ্ছে। চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তারা ও উপকারভোগী কৃষকেরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় সরিষা চাষে ৯ হাজার ৩০০ জন, মসুর চাষে ৭৫ জন এবং খেসারি চাষে ৫০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। তাঁদের মধ্যে রহনপুর পৌরসভার ৯১০ জন কৃষক রয়েছেন। উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে গোমস্তাপুর, রাধানগর ও বাঙ্গাবাড়ি—এই তিন ইউনিয়নে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন, আলীনগরে ৮৬০ জন এবং চৌডালায় ৮৩৫ জন কৃষক এ সহায়তা পাচ্ছেন।
কৃষি বিভাগ জানিয়েছে, সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক এক বিঘা জমির বিপরীতে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। মসুর চাষের জন্য দেওয়া হবে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার। আর খেসারি চাষে প্রত্যেক কৃষক পাবেন ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, কৃষি উৎপাদন বাড়ানো ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে সরকার এ প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। সময়মতো উন্নতমানের বীজ ও সার পেলে কৃষকেরা সরিষা, মসুর ও খেসারির আবাদ বাড়াতে পারবেন। এতে ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।