দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে জানিয়ে কৃষি সচিব মো. সেলিম খান বলেছেন, কৃষকের কাছে সঠিক সময়ে, সঠিক দামে ও নির্বিঘ্নে সার পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। সার বিতরণে গাফিলতি, অনিয়ম কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন আয়োজিত কৃষক পর্যায়ে সার বিতরণ ব্যবস্থাপনা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সচিব বলেন, একটি স্বার্থান্বেষী মহল সরকারকে বিব্রত করতে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডিলারদের বরাদ্দ করা সার যথাসময়ে উত্তোলন করে কৃষকের কাছে সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ডিলার ব্যক্তিগত, রাজনৈতিক বা অন্য কোনো স্বার্থে সার উত্তোলন না করে সংকট তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ পাওয়ার পরও কোনো ডিলার সার উত্তোলন না করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে তাঁর ডিলারশিপ তাৎক্ষণিক বাতিল করা হবে।
ডিলারদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সার পরিবহণ খরচ প্রতি কেজিতে ২ টাকা থেকে বাড়িয়ে ৩ টাকা করেছেন উল্লেখ করে সেলিম খান বলেন, কৃষক যাতে সহজে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে জন্য সার বিক্রয়কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখতে হবে। নির্দিষ্ট দিনে মাইকে ঘোষণা দিয়ে সার বিতরণের নামে কৃষকদের ভোগান্তিতে ফেলা যাবে না। কৃষকের চাহিদা অনুযায়ী প্রতিদিন সার সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কৃষি বিভাগ ও প্রশাসনকে নিয়মিত তদারকি করতে হবে।
তিনি আরও বলেন, সার বিক্রয়কেন্দ্রে কী পরিমাণ সার মজুত রয়েছে, তা দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যতালিকাও টানিয়ে রাখতে হবে।
‘কৃষি বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে’ উল্লেখ করে কৃষি সচিব বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়িত ও সম্মানিত করার উদ্যোগ নিয়েছে সরকার। পর্যায়ক্রমে আড়াই কোটি কৃষককে এ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছর ৪৩ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে। আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় প্রধানমন্ত্রী প্রায় তিন লাখ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। কৃষক কার্ড প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প।
কৃষির স্বার্থে কৃষক, কৃষি কর্মকর্তা, সার ডিলার, পরিবহণসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
রাজশাহী বিভাগীয় কমিশনার কাজি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিজিবি ও এসআরইবির প্রতিনিধি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সার ডিলার প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।