দিনাজপুর প্রতিবেদকঃ উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে শুরু হয়েছে নবম মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দিনাজপুর বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
উদ্বোধনী ম্যাচে মাতা সাগর থান্ডার্স ৩ উইকেটে সুখসাগর ওয়ারিয়র্সকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুখসাগর ওয়ারিয়র্স ১৮ ওভারে ১২২ রান সংগ্রহ করে। জবাবে মাতা সাগর থান্ডার্স ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শুভ দাস। তিনি ৫৭ রান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ক্রীড়াঙ্গনে দিনাজপুর সব সময় এগিয়ে রয়েছে। তবে সম্প্রতি বড় মাঠ ব্যবহারের সমস্যা থাকায় খেলোয়াড়েরা টুর্নামেন্ট আয়োজন ও অনুশীলন করতে পারছেন না। এ কারণে তাঁদের বিকেএসপি মাঠে খেলতে হচ্ছে।
তিনি বলেন, দিনাজপুর বড় মাঠ সবার জন্য উন্মুক্ত করে সেখানে আবারও খেলাধুলাসহ সব কর্মকাণ্ড ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাঠকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান তিনি।
দিনাজপুর নবম মাস্টার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক প্রকৌশলী মো. মতিউর রহমান মতির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
আয়োজকেরা জানান, দিনাজপুরের সাবেক ও অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণে এ টুর্নামেন্ট উত্তরাঞ্চলে সাড়া ফেলেছে। একসময় যাঁরা দিনাজপুর জেলা দলের নেতৃত্ব দিয়েছেন এবং নিজেদের ক্রীড়ানৈপুণ্যে মাঠ মাতিয়েছেন, তাঁদের অংশগ্রহণ নবীন খেলোয়াড়দের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
নবীন ও প্রবীণ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি দল এবং প্রবীণদের দুটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো—সুখসাগর ওয়ারিয়র্স, মাতা সাগর থান্ডার্স, আনন্দ সাগর ব্লাস্ট, রামসাগর রাইডার্স, পূর্ণভবা টাইগার্স, আত্রাই কিংস, সিনিয়র পদ্মা ফাইটার ও সিনিয়র যমুনা হান্টার।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।