দিনাজপুর

দিনাজপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের আলোর দিশারী এবং অসাম্প্রদায়িক চেতনার ধারক ও বাহক কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদ, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে কবি সুফিয়া কামালের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

এরপর মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি।

সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি ড. মারুফা বেগমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুবিনা আকতার।

স্বাগত বক্তব্যে রুবিনা আকতার বলেন, কবি সুফিয়া কামাল স্বশিক্ষায় শিক্ষিত হয়ে আত্মমর্যাদাসম্পন্ন, স্বাধীনচেতা এবং অসাম্প্রদায়িক মানুষ হিসেবে গড়ে উঠেছিলেন। ১৯৯৯ সালের ২০ নভেম্বর ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যুতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছিল, তা কখনোই পূরণ হবার নয়। বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালনের সঙ্গে নারী আন্দোলন ও সামাজিক আন্দোলনের একটি আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, মহিলা পরিষদের দীর্ঘ পদযাত্রায় কবি সুফিয়া কামালের প্রজ্ঞা, আদর্শ ও নারীবাদী মতবাদ অনুপ্রেরণা হয়ে জড়িয়ে আছে। তিনি আজীবন শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গড়ার আন্দোলন করে গেছেন। শুধু সাহসিকা নন, অমিততেজ এই মানুষটি সকলের কাছে ছিলেন অন্ধকারে আলোর শিখা। তাঁর আদর্শ ও দেখানো পথ ধরে হেঁটেই মহিলা পরিষদের লাখো কর্মী দেশব্যাপী নারী আন্দোলনের পক্ষে কাজ করে যাচ্ছেন।

সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মিনতি ঘোষ, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণা প্রিয়া মুর্মু, সদস্য গোলেনুর বেগম এবং শিবানী উড়াও প্রমুখ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...