শীতের আমেজ শুরু হতেই গ্রামবাংলার ঘরে ঘরে এই সুস্বাদু বড়ি তৈরির ব্যস্ততা বেড়ে যায়। যুগ যুগ ধরে নারীরা কেবল পারিবারিক চাহিদা মেটাতেই বড়ি তৈরি করে এলেও বগুড়ার দুপচাঁচিয়ায় সেই চিত্রে এসেছে পরিবর্তনের ছোঁয়া। সেখানে গৃহস্থালির গণ্ডি পেরিয়ে বাণিজ্যিকভাবে কুমড়া বড়ি তৈরি করে স্বাবলম্বী হওয়ার পথ গড়ে তুলছেন শত শত নারী।
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লার উঠানে এখন বড়ি তৈরির উৎসব চলছে। মূলত চাল কুমড়া, কালোজিরা ও মাষকলাইয়ের ডালের মিশ্রণে তৈরি হয় এই বড়ি। ভোরের আলো ফোটার আগেই ডাল বাটা ও চাল কুমড়া কোরানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন নারীরা। এরপর নিপুণ হাতে চাটাই, মাচা কিংবা পাতলা কাপড়ের ওপর সারিবদ্ধভাবে বড়ি বসিয়ে রোদে শুকানো হয়। কয়েক দিনের টানা রোদে শুকিয়ে গেলে তা বিক্রির উপযোগী হয়ে ওঠে।
উপজেলার আমষট্ট গ্রামের সবজি চাষি সুব্রত বর্মন জানান, জয়পুরহাটের ক্ষেতলাল এবং বগুড়ার শিবগঞ্জ এলাকায় প্রচুর পরিমাণে চাল কুমড়া চাষ হয়। মৌসুমের অনেক সময় কৃষকের ক্ষেতের সব কুমড়া একসঙ্গে বিক্রি করা সম্ভব হয় না। সেই অবিক্রীত ও উদ্বৃত্ত কুমড়া নষ্ট না করে সংগ্রহ করে বড়ি তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। এতে একদিকে যেমন ফসলের অপচয় কমছে, অন্যদিকে গ্রামীণ মানুষের বাড়তি আয়ের সুযোগ তৈরি হয়েছে।
সম্প্রতি নাগর নদের তীরবর্তী চরে গিয়ে দেখা যায়, রোদে শুকানো বড়ি আগলে রাখতে ব্যস্ত সময় পার করছেন গৃহবধূ কাকলি রানী দাস। কথা হলে তিনি জানান, আগে কেবল নিজেদের পরিবারের খাওয়ার জন্য বড়ি বানাতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয়দের পাশাপাশি বাইরে থেকেও বড়ির ফরমাশ আসতে শুরু করেছে। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি কুমড়া বড়ি ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। শীতের মৌসুমে চাহিদা এতটাই বেশি থাকে যে অনেক ক্রেতা আগে থেকেই টাকা দিয়ে বড়ি বুকিং দিয়ে রাখেন।
এলাকার গৃহবধূ ঝরনা, সন্ধ্যা রানী ও কাকলি দাস জানান, চাল কুমড়া আর মাষকলাইয়ের ডালের সংমিশ্রণে তৈরি বড়ির স্বাদ ও ঘ্রাণ একেবারেই আলাদা। মাছ বা মাংসের ঝোল কিংবা শীতের সবজিতে এই বড়ি যোগ করলে তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যায়। শহরের মানুষের কাছেও দুপচাঁচিয়ার হাতে তৈরি এই বড়ির চাহিদা দিন দিন বাড়ছে।
দুপচাঁচিয়া পৌর এলাকার লক্ষীতলা ও কালিতলাসহ আশপাশের গ্রামগুলোতে নারীদের হাতে তৈরি কুমড়া বড়ি এখন স্থানীয় ক্ষুদ্র অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে। ঘরে বসেই পরিশ্রমের মাধ্যমে নারীদের এই ঘুরে দাঁড়ানো ও স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
তবে এই উদ্যোগকে আরও টেকসই ও বিস্তৃত করতে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। সহজ শর্তে ঋণ, মানসম্মত শুকানোর ব্যবস্থা ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি সহায়তা পেলে দুপচাঁচিয়ার কুমড়া বড়ি শিল্প আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।