নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আগাম জাতের নতুন আলু তোলা শুরু হয়েছে। বেলে-দোআঁশ মাটিতে ৫৫ থেকে ৬০ দিনে পরিপক্ব হওয়া ‘সেভেন’ জাতের আলু খেত থেকেই প্রতি কেজি ৫২ টাকা দরে কিনছেন পাইকাররা। পুরোনো আলুর বাজারদর কম থাকলেও নতুন আলুতে ভালো দাম পেয়ে গত বছরের লোকসান পুষিয়ে নেওয়ার আশা করছেন স্থানীয় কৃষকেরা।
সরেজমিনে দেখা যায়, গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এ অঞ্চলের কৃষকেরা বৃষ্টির ঝুঁকি নিয়েই আশ্বিন মাসের শুরুতে উঁচু জমিতে আগাম আলু রোপণ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। চলতি সপ্তাহেই উপজেলার বিস্তীর্ণ মাঠে আগাম আলু তোলা পুরোদমে শুরু হবে।
উপজেলার রণচণ্ডী ইউনিয়নের কুটিপাড়া গ্রামের কৃষক আব্দুল হাই ও দুলু মিয়া জমি থেকে আগাম আলু তুলে খেত থেকেই পাইকারদের কাছে প্রতি কেজি ৫২ টাকা দরে বিক্রি করেছেন।
কৃষক আব্দুল হাই জানান, গত বছর চার বিঘা জমিতে আলু চাষ করে তাঁর প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে আশ্বিনের শুরুতে বৃষ্টির ঝুঁকি নিয়েই ওই চার বিঘা জমিতে আগাম আলুর বীজ বপন করেন। এর মধ্যে ৩০ শতাংশ জমির আলু ৫৮ দিনে তুলে বিক্রি করছেন। ওই জমিতে প্রায় এক হাজার কেজি আলু উৎপাদন হয়েছে। খরচ বাদে ২০ থেকে ২৫ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।
অন্য কৃষক দুলু মিয়া জানান, পাঁচ বিঘা জমির মধ্যে আড়াই বিঘার আলু তুলেছেন। এসব আলু খেত থেকেই মৌসুমি ব্যবসায়ী শাহজাহান ও রফিকের কাছে প্রতি কেজি ৫২ টাকা দরে বিক্রি করেছেন। আড়াই বিঘা জমিতে দেড় হাজার কেজি আলু উৎপাদন হয়েছে। খরচ বাদে ২৩ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। তবে অন্য বছরগুলোতে বেশি দামে আলু বিক্রি করে এর দ্বিগুণ মুনাফা পেয়েছিলেন বলে জানান দুলু মিয়া।
এদিকে পুরোনো আলুর দরপতনের কারণে নতুন আলুর বাজারদর নিয়েও কিছুটা শঙ্কায় রয়েছেন অন্য চাষিরা। আগামী দুই-এক দিনের মধ্যে তাঁরাও আলু তোলার প্রস্তুতি নিচ্ছেন। ভালো দাম পেলে খরচ বাদে দ্বিগুণ লাভের আশা করছেন তাঁরা।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, চলতি বছর উপজেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নে আগাম আলু তোলা শুরু হয়েছে। কৃষকেরা প্রতি কেজি আলু ৫২ থেকে ৬২ টাকা দরে বিক্রি করছেন। বিগত বছরগুলোর মতো এবারও আগাম আলুর ভালো দাম পেয়ে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করছেন তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।