রাজশাহী নগরীতে মুখ ঢেকে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর ঘোষপাড়া মোড় এলাকায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে এ মিছিল বের করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভোরে মাস্ক, টুপি ও মাফলার দিয়ে মুখ ঢেকে একদল তরুণ রাজশাহী মেডিকেল কলেজের সামনে জড়ো হন। পরে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। তাঁদের হাতে থাকা ব্যানারে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটনের ছবি ছিল। মিছিল থেকে শেখ হাসিনার দেশে ফেরার দাবিতেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতাকর্মী খায়রুজ্জামান লিটনের মেয়ে আনিকা ফারিহা অর্নার অনুসারী। তাঁদের মধ্যে মহানগর ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাহিত্য সম্পাদক ইমন, ছাত্রলীগ কর্মী রাকাইদ রুকু ও এস এম মাহি ছিলেন বলে সূত্রটি জানিয়েছে।
ঘটনার বিষয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির ঢাকা মেইলকে বলেন, তিনি মিছিলের বিষয়টি শুনেছেন। পুলিশ এ নিয়ে কাজ শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পর রাজশাহীতে সতর্ক অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ঢাকা মেইলকে বলেন, তাঁরা রাজপথে রয়েছেন এবং রাজশাহীতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নগর ছাত্রদল সতর্ক রয়েছে। রামেক হাসপাতালের সামনে মিছিলকারীদের দিনের আলোতে রাজপথে আসার চ্যালেঞ্জও জানান তিনি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।