বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনে দায়ের করা একাধিক মামলায় আমিনুল ইসলাম রানা (৪৭) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে গোসাইবাড়ী সাতমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করে। আমিনুল ইসলাম রানা গোসাইবাড়ী ইউনিয়নের চিথুলিয়া গ্রামের ইসলাইল হোসেনের ছেলে। তিনি গোসাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালে রানার বিরুদ্ধে মামলা হয়। এছাড়া ২০২২ সালের ৩০ মে শহরের আরাফাত হোটেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা, মারধর ও ব্যানারে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।
এ ছাড়া ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে কর্মীসভা চলাকালে ককটেল বিস্ফোরণ, নেতাকর্মীদের মারধর এবং কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায়ও আমিনুল ইসলাম রানাকে আসামি করা হয়। এর আগে ২০২৫ সালের ১০ ডিসেম্বর তিনটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার তদন্তে আমিনুল ইসলাম রানার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।