ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের নোনে জেলায় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে তিন কুকি সম্প্রদায়ের সদস্য নিহত হয়েছেন। শনিবার নুংবা মহকুমার কেকরু নাগা গ্রামে এ ঘটনা ঘটে। নতুন করে সহিংসতার আশঙ্কায় ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
১ নভেম্বর প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল ১০টার দিকে গ্রামটিতে গোলাগুলি শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় চলে। এতে তিনজন নিহত হন।
পুলিশ জানিয়েছে, ২৯ অক্টোবর থেকে ওই এলাকায় বিচ্ছিন্নভাবে গোলাগুলির ঘটনা ঘটছিল। শনিবারের ঘটনাটি গত তিন দিনের মধ্যে প্রথম প্রাণঘাতী সংঘর্ষ।
নিহত তিনজনের পরিচয় হিসেবে থাংলেনসাং সিংসন, থাংখোসেই হাওকিপ ও ল্যামিনসাং কিপগেনের নাম উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস। তাঁরা সবাই চুরাচাঁদপুর জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
কুকি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সংগঠন কুকি ইনপি মণিপুর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। সংগঠনটি ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-ইসাক মুইভা এবং জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের একটি অংশকে দায়ী করেছে। তবে পুলিশ এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেনি।
এদিকে ইম্ফলে মেইতেই ও নাগা সংগঠনগুলোর কয়েক হাজার মানুষ পৃথক একটি সমাবেশে অংশ নেন। কুকি-জো সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের সাসপেনশন অব অপারেশনস চুক্তি বাতিলের দাবিও ওঠে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।