বিনোদন

ডিসির নতুন সিনেমায় ওয়ান্ডার উইম্যান, চরিত্রে আদ্রিয়া আরজোনা

ডিসি ইউনিভার্সের নতুন সিনেমা ‘ম্যান অব টুমরো’তে দেখা যেতে পারে জনপ্রিয় সুপারহিরো চরিত্র ওয়ান্ডার উইম্যানকে। এ চরিত্রে অভিনয় করতে পারেন অভিনেত্রী আদ্রিয়া আরজোনা। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ডিসি কর্তৃপক্ষ।

সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পত্রিকাটির সাংবাদিক বেন ফ্রিটজের প্রতিবেদনে বলা হয়, ডিসি স্টুডিওর প্রধান জেমস গান ও পিটার সাফরান তাঁদের পরিকল্পিত সিনেমাটিতে ওয়ান্ডার উইম্যান চরিত্রের অভিষেক ঘটাতে যাচ্ছেন। তবে চরিত্রটিতে আদ্রিয়া আরজোনা অভিনয় করবেন কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এর আগে গত জুনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ‘ম্যান অব টুমরো’ সিনেমায় ওয়ান্ডার উইম্যান চরিত্রে অভিনয় করছেন আদ্রিয়া। সে সময় ভক্তদের ধারণা ছিল, তিনি হয়তো ডিসির আরেকটি চরিত্র ম্যাক্সিমার ভূমিকায় থাকবেন। তবে ওই প্রতিবেদনের সূত্রের দাবি ছিল, আদ্রিয়াকে ওয়ান্ডার উইম্যান হিসেবেই দেখা যাবে।

পরবর্তী সময়ে আগস্টে জানা যায়, সিনেমাটিতে অতিথি চরিত্রে তাঁর উপস্থিতি থাকতে পারে। ২৬ আগস্ট সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগে শেষ কয়েক সপ্তাহে তিনি দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অক্টোবরে অভিনেতা ফ্রাঙ্ক গ্রিলো আদ্রিয়াকে ওয়ান্ডার উইম্যান হিসেবে দেখানো একটি ভক্তনির্মিত পোস্টার শেয়ার করেন। বিষয়টি নিয়ে জেমস গান তাঁর সঙ্গে ব্যক্তিগত বার্তার কথোপকথন প্রকাশ করেন। সেখানে গান জানান, আদ্রিয়া কোন চরিত্রে অভিনয় করছেন, তা ফ্রাঙ্ক জানেন না। তবে সিনেমাটিতে খুব ছোট কোনো চরিত্রে তাঁর উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

এদিকে ডিসি স্টুডিওর নেতৃত্বে পরিবর্তনের খবরও এসেছে। স্কাইড্যান্সের ঘোষণায় জানানো হয়েছে, জেমস গান ও পিটার সাফরান ডিসি স্টুডিওর দায়িত্ব ছাড়ছেন। আগামী ১ ডিসেম্বর থেকে জেরেমি ল্যাচাম দায়িত্ব নেবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

‘ম্যান অব টুমরো’ সিনেমাটি ২০২৭ সালের ৯ জুলাই মুক্তির কথা রয়েছে। এতে ওয়ান্ডার উইম্যানের উপস্থিতি এবং আদ্রিয়া আরজোনার সম্ভাব্য চরিত্র নিয়ে ডিসির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...