বিনোদন

‘ভালো অভিনেত্রীদের নিয়ে আলোচনা হয় না, ফালতুদেরই জয়জয়কার’: শবনম ফারিয়ার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া দেশের বেশ কয়েকজন অভিনেত্রীর অভিনয়, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেছেন। একই সঙ্গে ভালো অভিনয় করা অনেক অভিনেত্রীকে নিয়ে যথেষ্ট আলোচনা না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন শবনম ফারিয়া।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের কয়েকজন অভিনেত্রীর কথা বলতে চান, যাঁরা শুধু অভিনয়েই মনোযোগী। এর বাইরে অপ্রয়োজনীয় বিনোদনমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন না। এ কারণে তাঁদের প্রতি দর্শকদের আগ্রহ হয়তো তুলনামূলক কম।

এ তালিকায় প্রথমেই জয়া আহসানের নাম উল্লেখ করেন শবনম ফারিয়া। জয়ার সৌন্দর্য, অভিনয় ও ব্যবহারের প্রশংসা করে তিনি বলেন, অভিনয়ের বাইরে জয়ার পোষ্য, গাছ ও বাগানবাড়ি রয়েছে। যাঁরা ব্যাগ, জুতা ও ঘড়ির প্রতি আগ্রহী, তাঁরা খেয়াল করলে দেখবেন, তাঁর ব্যাগ ও ঘড়ির সংগ্রহ জামদানির সংগ্রহের চেয়েও সুন্দর।

এরপর অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়ের প্রশংসা করেন তিনি। শবনম ফারিয়া জানান, অভিনয়ে আসার আগে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত দুটি সিরিজ দেখেছিলেন। এর একটি ‘৬৯’ এবং অন্যটি ‘স্পর্শের বাইরে’। দ্বিতীয় সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানজিদা প্রীতি।

ফারিয়া লেখেন, সানজিদা প্রীতি অসাধারণ অভিনয় করতে পারেন। ক্যারিয়ারের শুরুতে ‘কলিংবেল’ নামের একটি সিরিজে দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল। প্রীতি খুবই স্বল্পভাষী। তখনো প্রয়োজনের বাইরে তাঁকে কথা বলতে দেখেননি তিনি।

নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে বিশেষভাবে পছন্দ করেন শবনম ফারিয়া। তাঁর ভাষায়, মৌসুমী অসম্ভব পরিশ্রমী অভিনেত্রী। তাঁর অভিনয়দক্ষতা বিধাতাপ্রদত্ত। তিনি খুবই চঞ্চল ও হাসিখুশি মানুষ। মৌসুমী হামিদের অভিনয় দেখে ফারিয়ার মনে হয়, ‘ইস, আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম!’

অভিনেত্রী নাজিয়া হক অর্শার অভিনয়েও মুগ্ধতা প্রকাশ করেন তিনি। ফারিয়ার মতে, অভিনয় শুধু সংলাপের ওপর নির্ভর করে না, এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন। অর্শার চোখের অভিব্যক্তি কথা বলে। সুবর্ণা আপার পর এই বিশেষ গুণ তিনি শুধু অর্শার মধ্যেই দেখেছেন।

অর্শার সঙ্গে কাজের একটি অভিজ্ঞতাও তুলে ধরেন ফারিয়া। কয়েক বছর আগে শিহাব ভাই তাঁকে একটি নাটকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শিডিউলসংক্রান্ত জটিলতায় নির্ধারিত সময়ে কাজটি করতে পারেননি তিনি। পরে নাটকটিতে অর্শা অভিনয় করেন। নাটকটি দেখে ফারিয়ার মনে হয়েছিল, শিডিউল নিয়ে সমস্যা হওয়ায় ভালোই হয়েছে। কারণ, অর্শার মতো অভিনয় তিনি করতে পারতেন কি না, তা নিয়ে তাঁর সংশয় ছিল। তাঁর মতে, অর্শা চরিত্রটির প্রতি যথাযথ সুবিচার করেছেন।

এ ছাড়া অভিনেত্রী বিন্দুর অভিনয়, সৌন্দর্য, ফিটনেস, কথা বলার ধরন ও ফ্যাশন সচেতনতার প্রশংসা করেন শবনম ফারিয়া। তাঁর মতে, কোথায় কতটুকু এবং কী বলতে হবে, কী পরতে হবে—এসব বিষয়ে বিন্দুর ভালো ধারণা রয়েছে। তাঁর ফ্যাশন সেন্সও বেশ ভালো।

অভিনেত্রী ইশিতার প্রতিও নিজের ভালো লাগার কথা জানান ফারিয়া। ছোটবেলা থেকেই ইশিতার ভক্ত তিনি। ফারিয়ার ভাষায়, ইশিতা যা-ই করেন, তাঁর ভালো লাগে।

এ ছাড়া বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির অভিনয়েরও প্রশংসা করেন তিনি।

শবনম ফারিয়া মনে করেন, দেশের বিনোদন অঙ্গনে ভালো অভিনয় করেন, মার্জিত ব্যক্তিত্বের অধিকারী এবং সুন্দরভাবে কথা বলেন—এমন অনেক অভিনেত্রী রয়েছেন। অথচ তাঁদের কাজের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিষয় নিয়েই বেশি আলোচনা হয়।

পোস্টের শেষাংশে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘শুধু জামার দাম লাখ টাকা, দুবাইয়ের অমুক-তমুক করেন—এগুলো ছাড়া আমাদের দেশে সত্যিকারে ভালো অভিনয় করেন, সফিস্টিকেটেড, সুন্দর করে কথা বলেন, এমন অনেক অভিনেত্রী আছেন। কিন্তু আপনারা আলোচনা করেন ফালতু জিনিস নিয়ে। সবাই ভাবে এখানে শুধু ফালতুদেরই জয়জয়কার। বিষয়টা তো এমন হওয়ার কথা ছিল না।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...