বিশ্ব

তাইওয়ান ঘিরে প্রশান্ত মহাসাগরে গোপন সামরিক মহড়া চালিয়েছে চীন

তাইওয়ানকে ঘিরে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চলতি মাসের শুরুতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। তাইওয়ানের নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই পরিচালিত এই মহড়ায় একপর্যায়ে চীনের শতাধিক নৌযান অংশ নেয়। ঘটনাটিকে তাইওয়ান কর্তৃপক্ষ নীরব সামরিক ভীতি প্রদর্শনের কৌশল হিসেবে বর্ণনা করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় চীনের নৌবাহিনী ও কোস্টগার্ডের বিভিন্ন ইউনিট অংশ নেয়। তাইওয়ানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানান, মহড়ার সময় একপর্যায়ে ওই অঞ্চলে ১০০টির বেশি জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছিল।

তাইওয়ানের কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মহড়ায় শুধু নৌযানের চলাচল প্রদর্শন করা হয়নি; বরং অন্য দেশের সামরিক বাহিনী ও বিভিন্ন শহরকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার অনুশীলনও করা হয়েছে। তাইওয়ানের আশঙ্কা, এই তৎপরতা দ্বীপটিকে ঘিরে অবরোধের মতো পরিস্থিতি তৈরির প্রস্তুতির অংশ হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, চীনের পূর্ব, উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের নৌবাহিনী সমন্বিতভাবে এই কার্যক্রমে অংশ নেয়। চীনের লিয়াওনিং বিমানবাহী রণতরিও ওই অঞ্চলে সক্রিয় ছিল।

তাইওয়ানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, শুক্রবারের মধ্যে চীনা নৌযানের সংখ্যা কমে প্রায় ৭০টিতে নেমে এলেও পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাদের সামরিক উপস্থিতি অব্যাহত ছিল। ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় জলসীমার কাছেও চীনা নৌবাহিনীর কয়েকটি বহরের অবস্থান ছিল বলে তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি তাইওয়ানের সঙ্গে শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের পক্ষে বক্তব্য দিয়েছেন। তবে বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টি কখনোই পুরোপুরি নাকচ করেনি।

অন্যদিকে তাইওয়ান নিজেদের একটি স্বশাসিত গণতান্ত্রিক ভূখণ্ড হিসেবে পরিচালনা করে। দ্বীপটির নিরাপত্তা ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ রয়েছে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক জবাব দেয়নি। তবে চীনের পক্ষ থেকে বিমানবাহী রণতরির নিয়মিত সামরিক মহড়ার কথা বলা হয়েছে এবং সেটি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না বলে দাবি করা হয়েছে।

সূত্র: রয়টার্স

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...