জাতীয়

শেখ হাসিনার প্রত্যাবর্তনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল বিভাগে বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, সংশ্লিষ্ট বিশেষ আইনে এ ধরনের সুযোগ রাখা হয়নি।

শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির কাছে সব মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন। তাঁদের কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। তাঁরা যখন প্রয়োজন মনে করবেন, তখনই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান বলেন, এ ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন পরবর্তী সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়। শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বাংলাদেশে ফিরবেন। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলেও সেটি একটি আইনি প্রক্রিয়ার অংশ হবে।

আপিল বিভাগে বিলম্ব মার্জনার সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো আইনি সুযোগ নেই। সংশ্লিষ্ট বিশেষ আইনে এ বিধান রাখা হয়নি। তাঁর ভাষ্য, এই আইন পূর্ববর্তী সরকারই প্রণয়ন করেছিল।

এ সময় সংবিধানের ৪৭ অনুচ্ছেদের ৩ দফার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না—এমন বিধান সংবিধানে রয়েছে। ১৯৭৩ সালে শেখ হাসিনার বাবা সংবিধানে যে সংশোধনী এনেছিলেন, সেখানেই এই বিধান যুক্ত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

ভারত সরকারের অবস্থান এবং শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারত সরকারই বলতে পারবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...