জাতীয়

স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, নিয়োগ দেওয়া হবে এক লাখ কর্মী

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এই কর্মীদের ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে, যাঁদের ৮০ শতাংশ নারী।

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার কারণে দেশে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যথাযথ গুরুত্ব পায়নি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন অনেক রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধ করা সম্ভব। এসব রোগ প্রতিরোধের জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং মানুষের আস্থা অর্জন জরুরি।

ডা. জুবাইদা বলেন, গত ১২ বছর ধরে আইদেশি এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কাজের অগ্রগতি ধীর মনে হওয়ায় তরুণ-তরুণীদের কেউ কেউ হতাশ হতে পারেন। তবে তাঁদের মনে রাখা উচিত, এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে চায়। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়া এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। এ উদ্দেশ্যে স্বাস্থ্য খাত সংস্কারের জন্য পাঁচটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, ওষুধশিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ দেওয়া, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো এবং স্বাস্থ্য গবেষণার জন্য টেকসই পরিবেশ তৈরি করা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...