বিনোদন

ব্যবসায়িক সংকটের আলোচনার মধ্যে অনন্তের পাশে বর্ষা

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষাকে ঘিরে ভক্তদের আগ্রহ সব সময়ই রয়েছে। সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংকঋণ ও কারখানার পরিস্থিতি নিয়ে নানা আলোচনা-গুঞ্জনের মধ্যে স্বামীর পাশে থাকার কথা জানিয়েছেন অভিনেত্রী বর্ষা। একই সঙ্গে স্বামী, সন্তান ও পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষা। তাঁদের ভালোবাসা ও দোয়া কঠিন সময়ে সাহস ও অনুপ্রেরণা জোগাচ্ছে বলেও জানান তিনি।

পোস্টে বর্ষা লেখেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

দেশের মানুষের জন্যও দোয়া চেয়ে তিনি লেখেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’

জীবনের উত্থান-পতনকে স্বাভাবিক বাস্তবতা হিসেবে উল্লেখ করে বর্ষা বলেন, ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় এক রকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। তাঁর ভাষায়, ‘আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’

পোস্টের শেষ দিকে নিজের স্বামী, সন্তান ও পরিবারের জন্য বিশেষভাবে দোয়া চান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’

উল্লেখ্য, সম্প্রতি অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

এমন পরিস্থিতিতে বর্ষার এই পোস্টে স্বামী ও পরিবারের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি কঠিন সময়েও আল্লাহর ওপর আস্থা রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় উঠে এসেছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...