রংপুর বিভাগ

প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট আগমনকে স্বাগত জানিয়ে এবং বাল্যবিয়ে, মাদকমুক্ত সমৃদ্ধ সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

​লালমনিরহাট শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও সদর উপজেলার কুলাঘাট হয়ে বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে সদর উপজেলার প্রায় ৫ হাজার সাইকেল আরোহী অংশ নেন।

র‍্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আসাদুল হাবিব দুলু বলেন, আলোকিত লালমনিরহাট দীর্ঘদিন ধরে এ অঞ্চলকে মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও বহুবিবাহসহ সব ধরনের সামাজিক অপরাধ থেকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সামাজিক আন্দোলনের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং কীভাবে একটি পিছিয়ে পড়া অঞ্চলের সামাজিক অপরাধ কমে আসছে, তা সরেজমিনে দেখতেই আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসছেন।

​তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর লালমনিরহাট বাসীর জন্য অত্যন্ত গৌরবের ও আনন্দের। তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই আমাদের আজকের এই আয়োজন।

​উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই সাইকেল র‍্যালিতে তরুণ ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে মাদক ও সামাজিক অপরাধ বিরোধী নানা সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়।

​র‍্যালিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন এবং ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...