রংপুর বিভাগ

বোদায় ৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। দ্রুত সিয়ামকে খুঁজে বের করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রুবেল ইসলাম, বোদা পৌর বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, বোদা পৌরভার ৩ নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম, নিখোঁজ শিক্ষার্থী সিয়ামের বাবা মো. সল্লু ইসলামসহ অন্যরা।

বক্তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখতে না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।

বক্তারা বলেন, একটি স্কুলছাত্র পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পরও তার সন্ধান না মেলায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার এমন প্রশ্নও তোলেন তারা। দ্রুত সময়ের মধ্যে সিয়ামের সন্ধানে কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচিতে সিয়ামের শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

পরে বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌর বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে আপাতত অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...