রংপুর বিভাগ

নীলফামারীতে নিকাহ রেজিস্টারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

নীলফামারীতে একের অধিক নিকাহ রেজিস্টার (কাজী) নিয়োগের প্রস্তাবিত বিধান বাতিলসহ পাঁচ দফা দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসলিম নিকাহ ও তালাক রেজিস্টাররা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার ও নিকাহ রেজিস্টার কল্যাণ ঐক্য পরিষদ, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় একাধিক নিকাহ রেজিস্টার নিয়োগের প্রস্তাব বাস্তবায়িত হলে তাদের পেশাগত অধিকার, মর্যাদা ও নির্ধারিত অধিক্ষেত্র হুমকির মুখে পড়বে। তাই প্রস্তাবিত খসড়া বিধান বাতিল করে বিদ্যমান ব্যবস্থা বহাল রাখার দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক কাজী মো. আব্দুল গফুর। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর শাখার সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আনারুল ইসলাম শাহ, ডিমলা উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ রোকনুজ্জামান, জলঢাকা উপজেলা শাখার সভাপতি কাজী মাহফুজুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জিগার আলী, ডোমার উপজেলা শাখার সভাপতি কাজী জাহাঙ্গীর আলম এবং কেন্দ্রীয় সদস্য কাজী মোহাম্মদ সাইদুল ইসলাম।

অবস্থান কর্মসূচি থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন নিকাহ রেজিস্টাররা। দাবিগুলোর মধ্যে রয়েছে—বিদ্যমান অধিক্ষেত্র বহাল রেখে একাধিক কাজী নিয়োগের প্রস্তাবিত বিধান অবিলম্বে বাতিল, কোনো কাজী মৃত্যুবরণ বা অবসর গ্রহণ করলে তার যোগ্য পুত্রকে সরাসরি নিয়োগ, নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসাভিত্তিক ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা বহাল রাখা, দলিল লেখকদের মতো শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে অবসরের বয়সসীমা ৭৫ বছর নির্ধারণ এবং বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি যৌক্তিক হারে বৃদ্ধি।

বক্তারা প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিকাহ রেজিস্টারদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় প্রস্তাবিত বৈষম্যমূলক খসড়া বিধান অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

তারা জানান, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশসহ সারা দেশে পরবর্তী কর্মসূচি পালন করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...