দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শাকিনুর ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান। তিনি জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে শাকিনুরকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামেশ্বরপুর গ্রামের আজিবর রহমানের ছেলে। বুধবার দুপুরে তাঁকে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, দামোদরপুর শৌলা দাখিল মাদ্রাসার সামনে কয়েকজনের মাদক কেনাবেচার খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসআই আহনাফ তাহমিদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় শাকিনুরকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা অন্য কয়েকজন পালিয়ে যায়।
পুলিশ জানায়, অভিযানের সময় শাকিনুরের ডান হাতে থাকা একটি পলিথিনের ভেতর থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
ওসি মাহমুদ হাসান জানান, এ ঘটনায় শাকিনুর ইসলামসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখা, সহায়তা ও পরিবহনের অভিযোগে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।