দিনাজপুর প্রতিবেদকঃ উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী ও অনলাইন উদ্যোক্তাদের অংশগ্রহণে আগামী ২১ নভেম্বর দিনাজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফ্যাসেট জিডিএফএ ফ্রিল্যান্সার কানেক্ট ২০২৬’। দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ মিলনমেলা অনুষ্ঠিত হবে।
গ্রেটার দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (জিডিএফএ) আয়োজিত অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ফ্যাসেট এবং পাওয়ার্ড বাই স্পন্সর এক্সনহোস্ট। এতে দেশের বিভিন্ন প্রান্তের আইটি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেবেন।
আয়োজকেরা জানান, উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে নেটওয়ার্কিং সেশন, অভিজ্ঞতা বিনিময়, সফল ফ্রিল্যান্সারদের কাজের গল্প, গ্রুপ অ্যাক্টিভিটি ও সনদ বিতরণ।
অনুষ্ঠানে ফ্যাসেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে উপার্জিত অর্থ দেশে আনার বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এক্সনহোস্টের প্রতিষ্ঠাতা ও পার্পল আইটি লিমিটেডের চেয়ারম্যান মাসুমুল হক, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালেহ আহমেদ, আপওয়ার্কের প্রিন্সিপাল ডিজাইনার মামুন সৃজন, ডিজাইন মাংকস ও ডেভ মাংকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান এবং বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সভাপতি মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন খাতের আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।
জিডিএফএর সভাপতি মো. রুস্তম আলী বলেন, ঢাকার বাইরেও বিশ্বমানের দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। তাঁদের একত্রিত করে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।
আয়োজকদের আশা, এ মিলনমেলা উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।