দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুরের হিলিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ শতাংশ শিক্ষক এখনো নবম জাতীয় বেতন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন-ভাতা পাননি বলে অভিযোগ উঠেছে। উপজেলার ৪৬টি বিদ্যালয়ের ২৭৬ জন শিক্ষকের মধ্যে নতুন স্কেলে বেতন পেয়েছেন মাত্র ৭০ জন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো এ সুবিধা পাননি।
এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ ও হতাশা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের জন্য শিক্ষকদের অনলাইনে আইবাস++ পদ্ধতিতে পে-ফিক্সেশন সম্পন্ন করতে হয়। এরপর অনুমোদিত কপি ও হালনাগাদ সার্ভিস বুক উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে হিসাবরক্ষণ কার্যালয় থেকে ইএফটির মাধ্যমে বেতন ছাড় করা হয়।
তবে এ প্রক্রিয়া সম্পন্ন করার পরও উপজেলার অধিকাংশ শিক্ষক নতুন স্কেলের সুবিধা পাননি বলে অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষক। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে পে-ফিক্সেশন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। এরপরও দাপ্তরিক জটিলতায় তাঁদের বেতন নতুন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হয়নি।
শিক্ষকদের অভিযোগ, কাজ দ্রুত শেষ করতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার হিসাবরক্ষণ কার্যালয় খোলা রেখে কার্যক্রম পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা করা হয়নি। ফলে নির্ধারিত সময়ে বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি।
তবে শিক্ষকদের অভিযোগের সঙ্গে একমত নন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোতালেব আলম। তাঁর দাবি, ১০ থেকে ১২ দিন আগেই উপজেলার সব শিক্ষক নতুন পে স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন।
অন্যদিকে, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, সময়মতো সার্ভিস বুক জমা না পড়ায় সব শিক্ষকের বেতন নতুন স্কেলে নির্ধারণ করা সম্ভব হয়নি। যাঁদের প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে পাওয়া গেছে, তাঁদের কয়েকজন নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পেয়েছেন। তবে ঠিক কতজন শিক্ষক নতুন স্কেলে বেতন পেয়েছেন, তা তিনি নিশ্চিত করতে পারেননি।
শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ কার্যালয়ের বক্তব্যে ভিন্নতা থাকায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ভুক্তভোগী শিক্ষকদের দাবি, প্রকৃত অবস্থা যাচাই করে দ্রুত বেতন নির্ধারণের কাজ শেষ করতে হবে। একই সঙ্গে বকেয়া বেতনসহ নতুন স্কেলের সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সূত্রঃ কালেরকন্ঠ
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।