রাজশাহী

পাবনার রূপপুর কেন্দ্র চালুর আগে জরুরি প্রস্তুতি যাচাই, পাঁচ সুপারিশ আইএইএর

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিতে বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি আরও জোরদার করতে পাঁচটি ক্ষেত্রে উন্নতির সুপারিশ করেছে সংস্থাটির পর্যবেক্ষক দল।

গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ১০ দিনব্যাপী ‘ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস রিভিউ’ (ইপ্রেভ) মিশন পরিচালনা শেষে এ মূল্যায়ন তুলে ধরে আইএইএ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর প্রাক্কালে আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের জরুরি সাড়াদান ব্যবস্থা যাচাই করতে এ মিশন পরিচালিত হয়।

বুধবার রাতে আইএইএর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরির অ্যাসেসমেন্ট অ্যান্ড রেসপন্স গ্রুপের প্রধান মার্ক ব্রেইটিঙ্গারের নেতৃত্বে নয়টি দেশের বিশেষজ্ঞ ও আইএইএর কর্মকর্তাদের সমন্বয়ে পর্যবেক্ষক দলটি গঠিত হয়। সফরকালে দলটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করে। পাশাপাশি সরকারি কর্মকর্তা, পুলিশ, উদ্ধারকারী সংস্থা এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।

পর্যালোচনায় বাংলাদেশের বিদ্যমান দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো এবং রূপপুর প্রকল্পের নিজস্ব জরুরি সেবার প্রশংসা করে দলটি। বিশেষ করে প্রকল্পের মেডিকেল ক্লিনিক ও বিশেষায়িত ফায়ার স্টেশনের কার্যক্রম ইতিবাচক হিসেবে উল্লেখ করা হয়।

তবে সামগ্রিক জরুরি প্রস্তুতি আরও কার্যকর করতে পাঁচটি ক্ষেত্রে উন্নতির সুপারিশ করেছে আইএইএ। এগুলো হলো—পারমাণবিক জরুরি পরিস্থিতিকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোর সঙ্গে পুরোপুরি সমন্বয় করা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানো, একটি পূর্ণাঙ্গ জাতীয় সুরক্ষা কৌশল চূড়ান্ত করা, কারিগরি ও জনসাধারণের সঙ্গে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা এবং রূপপুরে পূর্ণাঙ্গ মহড়াসহ নিয়মিত জরুরি মহড়ার আয়োজন করা।

বিজ্ঞপ্তিতে মার্ক ব্রেইটিঙ্গার বলেন, আইএইএর নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা জোরদারে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটি চালুর প্রস্তুতির এ পর্যায়ে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে খোলামেলা ও গঠনমূলক মনোভাব দেখা গেছে, যা নিরাপত্তার প্রতি বাংলাদেশের নিষ্ঠার প্রতিফলন।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, দেশের বিদ্যমান প্রস্তুতি মূল্যায়ন, উন্নতির ক্ষেত্রগুলো চিহ্নিত করা এবং জাতীয় সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এ মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানান, সরকার আইএইএর সুপারিশগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামো আরও শক্তিশালী করতে মন্ত্রণালয়, জরুরি সেবা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে জনগণ, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রথম দিন কেন্দ্রটি থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...