ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ফিজিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে স্পেন। কাতারে অনুষ্ঠিত ম্যাচে ফিজির জালে ১৫ গোল দিয়েছে স্পেনের যুবারা। হ্যাটট্রিক করেছেন রাফা ক্রুজ, রবার্তো থমাস ও গুইলেরমো ত্রুজিলানো। তবে মাত্র এক গোলের জন্য প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়তে পারেনি স্পেন।
ম্যাচের শুরু থেকেই ফিজির ওপর চড়াও হয় স্পেন। প্রথমার্ধেই ৯ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। বিরতির পর আরও ছয়বার ফিজির জালে বল পাঠায় স্পেনের যুবারা।
ম্যাচের ২১ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূর্ণ করেন রাফা ক্রুজ। শেষ পর্যন্ত পাঁচ গোল করে ম্যাচের সর্বোচ্চ গোলদাতা হন তিনি। অন্যদিকে রবার্তো থমাস ও গুইলেরমো ত্রুজিলানো পেনাল্টি থেকে গোল করে নিজেদের হ্যাটট্রিক পূর্ণ করেন। এ ছাড়া মার্কো কোম্পানি, বদলি খেলোয়াড় ইয়েরেমিয়া রামোস ও জর্জ ডোমিঙ্গেজ লিতুবা দুটি করে গোল করেন।
এই জয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ড গড়েছে স্পেন। এর আগে ১৯৯৭ সালে নিউজিল্যান্ডকে ১৩-০ গোলে হারিয়েছিল তারা। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল দলটি।
তবে প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড স্পর্শ করতে পারেনি স্পেন। গত বছর নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ১৬-০ গোলে জিতেছিল মরক্কো। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সেটিই এখন পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।
অন্যদিকে ফিজির জন্য বিশ্বকাপের মঞ্চ যেন দুঃস্বপ্ন হয়ে উঠেছে। গত আসরে তিন ম্যাচে তিউনিসিয়া, বেলজিয়াম ও আর্জেন্টিনার কাছে যথাক্রমে ৬, ৭ ও ৭ গোল হজম করেছিল তারা। এবার মরক্কোর কাছে ৬-০ গোলে হারের পর স্পেনের বিপক্ষে ১৫ গোল খেল।
এ নিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেনি ফিজি। বিপরীতে তাদের জালে বল ঢুকেছে ৪১ বার। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে আবারও বড় ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হলো দলটির।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।