টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ঝড় তুলে ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙেছেন ভারতের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য। তবে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হতে পারেননি ২৫ বছর বয়সী এই ব্যাটার। ১৮১ রানের ইনিংস খেলে সংক্ষিপ্ত সংস্করণের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের কীর্তি গড়েছেন তিনি। একই সঙ্গে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েছেন।
২০১৩ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইল। দীর্ঘদিন সেটিই ছিল এই সংস্করণে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। গত মাসে ১৮৮ রানের ইনিংস খেলে গেইলের সেই রেকর্ড ভেঙেছিলেন দক্ষিণ আফ্রিকার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। এখন পর্যন্ত তিনিই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক।
প্রিটোরিয়াসের রেকর্ড থেকে মাত্র ৭ রান দূরে থেমেছেন প্রিয়াংশ। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে দিল্লির হয়ে ৬৮ বলে ১৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৯টি ছক্কা। অর্থাৎ বাউন্ডারি থেকেই এসেছে ১৪৬ রান।
এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডেও ফিন অ্যালেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছেন প্রিয়াংশ। দুজনেরই এক ইনিংসে ১৯টি করে ছক্কা মারার কীর্তি রয়েছে।
ইন্দোরের ড্যালি কলেজ মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে দিল্লি। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন প্রিয়াংশ। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। তার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লের ছয় ওভারেই ৯৪ রান সংগ্রহ করে দিল্লি।
এরপর মাত্র ৩৬ বলে নিজের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার। পরবর্তী ২৪ বলে পৌঁছে যান দেড়শ রানে। এম সিদ্ধার্থকে টানা দুই বলে চার ও ছক্কা মেরে ক্রিস গেইলের ১৭৫ রানের ইনিংসকেও ছাড়িয়ে যান তিনি।
এর আগে ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল কিরণ নাগভির দখলে। ২০২১ সালে ৭৬ বলে অপরাজিত ১৬২ রান করেছিলেন তিনি। প্রিয়াংশের ১৮১ রানের ইনিংসে ভেঙে গেছে সেই রেকর্ডও।
তার দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে দিল্লি। সৈয়দ মুশতাক আলী ট্রফির ইতিহাসে যৌথভাবে এটি তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।