বয়স মাত্র ১৭ বছর। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এবার ২০২৬ মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা তরুণ ফুটবলার নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার।
চলতি মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সুলিভান। ২৯ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪ গোল। সব মিলিয়ে গোল ও গোলে সহায়তায় তার অবদান ২৩টি। এক মৌসুমে কোনো কিশোর ফুটবলারের সর্বোচ্চ গোল অবদানের রেকর্ড এটি। তার ১৪টি অ্যাসিস্টও কিশোর ফুটবলারদের মধ্যে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ।
এ ছাড়া টানা ১০ ম্যাচে গোল করেছেন অথবা গোলে সহায়তা করেছেন সুলিভান। কিশোর ফুটবলারদের মধ্যে এমএলএসের ইতিহাসে এটিও দীর্ঘতম ধারাবাহিকতা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বরে মাসসেরার পুরস্কারও জেতেন তিনি। মাত্র ১৭ বছর ২ দিন বয়সে এই পুরস্কার জিতে নতুন রেকর্ড গড়েন তরুণ এই ফুটবলার।
ক্লাবের হয়ে সাফল্যের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় দলেও ইতিহাস গড়েছেন সুলিভান। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পান তিনি। পেরুর বিপক্ষে অভিষেক ম্যাচেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে জায়গা করে নেন।
এ পর্যন্ত জাতীয় দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সুলিভান। মেক্সিকোর বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন তিনি। ওই দিন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৫ দিন।
এমএলএসের বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার চালু হয় ২০২০ সালে। এরপর ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রথম খেলোয়াড় হিসেবে এই সম্মান অর্জন করলেন সুলিভান। একই সঙ্গে ১৭ বছর ৫৬ দিন বয়সে পুরস্কারটি জিতে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হয়েছেন তিনি। এ ক্ষেত্রে নিউইয়র্ক রেড বুলসের দুই তরুণ জুলিয়ান হল ও আদি মেহমেতিকে পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।