জাতীয়

ভিসামুক্ত ভ্রমণের সুযোগ বেড়ে বাংলাদেশের পাসপোর্টের উন্নতি

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় এক বছরে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের রিয়েল-টাইম পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯১তম। গত বছর এ সূচকে দেশটির অবস্থান ছিল ১০০তম।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটাল প্রকাশিত ২০২৬ সালের পাসপোর্ট সূচকে এ তথ্য উঠে এসেছে।

আর্টন ক্যাপিটালের ‘গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংক’-এ ১৮২ মোবিলিটি স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান দখল করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির নাগরিকেরা ১৩৮টি দেশে ভিসা ছাড়াই এবং আরও ৪৪টি গন্তব্যে অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) নিয়ে ভ্রমণ করতে পারেন।

সূচকে ১৭৫ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর ও মালয়েশিয়া। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্পেন।

১৭৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাপানসহ ইউরোপের ১৬টি দেশ। দেশগুলো হলো বেলজিয়াম, লুক্সেমবার্গ, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ইতালি, সুইজারল্যান্ড, গ্রিস, পর্তুগাল, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, নরওয়ে ও আয়ারল্যান্ড।

১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মাল্টা।

গ্লোবাল পাসপোর্ট পাওয়ার র‍্যাংকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯১তম অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান ও ইরিত্রিয়া। তবে ১৯৯টি দেশ ও অঞ্চলকে আলাদাভাবে সাজানো ইন্ডিভিজুয়াল র‍্যাংকে বাংলাদেশের অবস্থান ১৯০তম।

সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৫টি দেশে ভ্রমণ করতে পারেন। এ ছাড়া ২৮টি গন্তব্যে পৌঁছে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল পাসপোর্ট সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। এ অঞ্চলে বাংলাদেশের পেছনে রয়েছে শুধু পাকিস্তান ও আফগানিস্তান।

আর্টন ক্যাপিটালের পাসপোর্ট সূচক তৈরির ক্ষেত্রে ভিসামুক্ত প্রবেশ, অন-অ্যারাইভাল ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) এবং তিন দিনের মধ্যে পাওয়া যায় এমন ই-ভিসার সুবিধা বিবেচনায় নেওয়া হয়।

প্রতিষ্ঠানটি গ্লোবাল র‍্যাংক ও ইন্ডিভিজুয়াল র‍্যাংক—এই দুই ধরনের তালিকা প্রকাশ করে। একই স্কোর পাওয়া দেশগুলোকে গ্লোবাল র‍্যাংকে যৌথ অবস্থানে রাখা হয়। অন্যদিকে ইন্ডিভিজুয়াল র‍্যাংকে প্রতিটি দেশ ও অঞ্চলকে আলাদা ক্রমে স্থান দেওয়া হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel